বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট বেশি থাকলেও আগামী সপ্তাহের বেশিরভাগ সময়ই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী দু’দিনে এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষার অক্ষরেখা, যার প্রভাবেই দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবারের পরেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
আরও পড়ুনঃ ‘ওর বাড়িতে একসময়…’ বেরিয়ে পড়ল ১০ বছর ধরে লুকিয়ে রাখা কেচ্ছা! প্রভাব খাটিয়ে সারেগামাপায় টিকে ছিলেন অদিতি? সৌম্যর বি’স্ফোরক অভিযোগ! মুখ খুললেন সহ প্রতিযোগীরাও!
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি ছিল।






