অভিনেতা সাহেব ভট্টাচার্য ও অভিনেত্রী সুস্মিতা দে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খুব বেশি আড়াল করেননি। এবার কলকাতার একটি বহুতলের রুফটপ থেকে তোলা তাঁদের নতুন ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। ছবির পেছনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সেন্ট পলস ক্যাথেড্রাল, আর পড়ন্ত বিকেলের সোনালি আলো যেন ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আমরা বিকেল থেকে কিছুটা সোনা ধার করলাম’।
ছবিতে সাহেবের বাহুডোরে ধরা দিয়েছেন সুস্মিতা। এই রোম্যান্টিক মুহূর্ত অনুরাগীদের নজর কাড়তে বেশি সময় নেয়নি। অনেকেই তাঁদের জুটিকে টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি বলে মন্তব্য করেছেন। বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চললেও, এই নতুন ছবি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
পর্দার বাইরেও দুজনের সহজ ও স্বাভাবিক রসায়ন এবার স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার পাশাপাশি ভক্তদের একটি প্রশ্নও বারবার সামনে এসেছে, কবে বিয়ের খবর দেবেন এই তারকা জুটি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সাহেব বা সুস্মিতা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, সুস্মিতার ব্যক্তিগত জীবন আগেও খবরের শিরোনামে এসেছে। একসময় এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল এবং ভবিষ্যতের পরিকল্পনাও করেছিলেন দুজনে। তবে প্রায় দুই বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। সেই সময় সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনা সামনে এলেও সুস্মিতা তা অস্বীকার করেছিলেন। সম্পর্ক ভাঙার প্রকৃত কারণও তিনি কখনও প্রকাশ করেননি।
আরও পড়ুনঃ জি বাংলায় এসব হচ্ছেটা কি? ‘দিদি নম্বর ওয়ান’ ছেড়ে এবার ‘রান্নাঘর’-এর সঞ্চালনায় স্বস্তিকা মুখোপাধ্যায়?
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন দুই তারকাই। খুব শিগগিরই স্টার জলসার নতুন ধারাবাহিকে তিলোত্তমা চরিত্রে ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা দে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্ত। অন্যদিকে, সাহেব ভট্টাচার্য বর্তমানে একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গা’-য় অভিনয় করছেন। ব্যক্তিগত জীবন ও পেশাদার কাজ, দুই দিকেই এখন তাঁদের নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
View this post on Instagram






