‘দিদি নং ১’-এর দশম সিজ়ন শুরু হয়েছিল গত ২৯ জুন। নতুন সিজ়নে প্রথমবার সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এক মাসের পথচলায় দর্শকদের কাছ থেকে যেমন প্রশংসা এসেছে, তেমনই সমালোচনাও হয়েছে। তবে পরিচালক অভিজিৎ সেনের কথায়, নতুন সিজ়ন নিয়ে দর্শকদের আগ্রহ এবং ভালোবাসা তাঁদের আরও উৎসাহ দিচ্ছে। শোয়ের বেশ কিছু পরিবর্তন হলেও দর্শকের সাড়া তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
নতুন সিজ়নে একাধিক বদল আনা হয়েছে। অভিজিৎ জানান, এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলেছেন দর্শকরাই। তাই তাঁদের মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। তিনি মনে করেন, দর্শক শুরু থেকেই এই অনুষ্ঠানের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। নতুন ফরম্যাট নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে বলে তাঁর দাবি।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে পরিচালক ভীষণ সন্তুষ্ট। তাঁর মতে, স্বস্তিকা প্রতিযোগীদের সঙ্গে খুব সহজে মিশে যাচ্ছেন এবং কাউকে আপন করে নিতে আলাদা করে কিছু বলতে হচ্ছে না। বড়দের প্রতি সম্মান দেখানো থেকে শুরু করে ছোটদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা, সবকিছুই তিনি নিজের মতো করে করছেন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার প্রসঙ্গে অভিজিৎ বলেন, যেকোনও জনপ্রিয় কাজের ক্ষেত্রেই প্রশংসা ও সমালোচনা দুটোই থাকবে, আর সেটাই স্বাভাবিক।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার তুলনা টানা নিয়ে অভিজিৎ স্পষ্ট জানান, এমন তুলনা করা ঠিক নয়। রচনা দীর্ঘ ১৫ বছর ধরে এই অনুষ্ঠানের মুখ ছিলেন এবং দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করেছিলেন। অন্যদিকে স্বস্তিকা এখনও নতুন এবং নিজের স্বতন্ত্র ভঙ্গিতে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই দু’জনের কাজের ধরন আলাদা হওয়ায় তুলনার কোনও প্রয়োজন নেই। ভবিষ্যতে কতগুলো সিজ়ন হবে বা কে সঞ্চালনা করবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ চ্যানেলের ওপর নির্ভর করবে বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ ‘ক’জন লোকের সঙ্গে সংসার করতে পারে না, ওই চেয়ারে বসলে দেশ চালাতে পারবে তো?’ নরেন্দ্র মোদিকে অপমান করার কোনও অধিকার নেই! প্রধানমন্ত্রীর বিকৃ’ত কার্টুন প্রদর্শন বিত’র্কে, শ্রীলেখাকে একহাত নিলেন মমতা শংকর! মানুষ হয়ে মানুষের প্রতি ন্যূনতম সম্মানের আর্জি জানিয়ে কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
নতুন সিজ়নের খেলার নিয়মেও বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে মাত্র চারজন প্রতিযোগী অংশ নিতেন, এখন একসঙ্গে দশজন দিদি খেলার সুযোগ পাচ্ছেন। যদিও বিজয়ী একজনই হবেন, তবু প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকছে কিছু না কিছু পুরস্কার। এছাড়া অনুষ্ঠানকে সন্ধ্যার বদলে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারের সিদ্ধান্তও চ্যানেলের বলে জানান অভিজিৎ। তাঁর মতে, এই সময়ে পরিবারের সবাই রাতের খাবার খেতে খেতে একসঙ্গে অনুষ্ঠানটি দেখতে পারবেন, যা দর্শকদের জন্য আরও সুবিধাজনক।






