ব্রহ্মমুহূর্তে প্রকাশ্যে ‘রামায়ণ’ ট্রেলার, রাম হিসেবে প্রশংসা কুড়োলেন রণবীর, মুগ্ধ করলেন যশ ও সাই পল্লবী

বৃহস্পতিবার ৩০ জুলাই ভোর ৪টা ১৫ মিনিটে, ব্রহ্মমুহূর্তে প্রকাশ করা হল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। বিশেষ করে রাবণের চরিত্রে যশ এবং রামের ভূমিকায় রণবীর কাপুরের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।

হাজার কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবির প্রযোজক নমিত মালহোত্রা। প্রায় চার মিনিটের ট্রেলারে রামায়ণের পরিচিত কাহিনির ঝলক তুলে ধরা হয়েছে। শুরুতেই দেখা যায় রাবণ নিজেকে তিন লোকের অধিপতি হিসেবে ঘোষণা করছে এবং তার অত্যাচারে চারদিকে অশান্তি ছড়িয়ে পড়ছে। সেই পরিস্থিতিতে বিষ্ণুর অবতার হিসেবে রামের আবির্ভাব ঘটতে দেখা যায়।

ট্রেলারে রাম ও সীতার বিবাহ, অসুর বধ এবং বনবাসের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় এবং পর্দায় তাঁর উপস্থিতিও দর্শকদের মন জয় করেছে। পাশাপাশি ছোট ছোট দৃশ্যেও রণবীর, সাই পল্লবী এবং যশ নিজেদের অভিনয়ের ছাপ স্পষ্টভাবে রেখে গিয়েছেন।

রামের চরিত্রে রণবীর কাপুরকে কেমন দেখাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনেতা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন। জানা গিয়েছে, শারীরিক গঠন বদলানোর পাশাপাশি তিনি মদ্যপান ও আমিষ খাবার থেকেও নিজেকে দূরে রেখেছিলেন, যাতে চরিত্রের সঙ্গে আরও ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন।

আরও পড়ুনঃ ‘জোয়ার ভাঁটা’-তে এবার ‘গাঙ্গুবাই’-এর ছোঁয়া! সাদা শাড়ি আর চোখে গাঢ় কাজলে শ্রুতি দাসের নতুন লুক ঘিরে উচ্ছ্বাস দর্শকদের! আপনাদের কেমন লাগল ‘এমএলএ’ নিশা মিত্রকে?

ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া মিলতে শুরু করেছে। রণবীরের রাম, যশের রাবণ এবং সাই পল্লবীর সীতাকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’। ছবির দ্বিতীয় অংশের কাজও চলছে এবং সেটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর