সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সমসাময়িক নানা বিষয় থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তিনি মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবারও তেমনই এক ব্যক্তিগত সমস্যার কথা মজার ছলে জানালেন অভিনেতা। তবে বিষয়টি নিয়ে তাঁর চিন্তার কারণ একেবারেই অন্যরকম।
জয়জিতের একমাত্র ছেলে নাকি কিছুতেই বাবার কথা শুনছে না। বারবার বলেও কোনও লাভ হচ্ছে না। তাই শেষ পর্যন্ত সমাজমাধ্যমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, কেউ যদি তাঁর ছেলেকে বুঝিয়ে রাজি করিয়ে ফেলতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে ৫০০ টাকা নগদ পুরস্কার দেবেন তিনি।
আসলে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। বর্তমান সময়ে অনেক বাবা মায়ের কাছেই সন্তানের চুল কাটানো নিয়ে এমন সমস্যা তৈরি হয়। জয়জিতের ছেলেও কিছুতেই চুল কাটতে চাইছে না। হাজারবার বলার পরেও নিজের সিদ্ধান্তে অনড় সে। তাই খানিকটা মজা করেই সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিনেতা।
জয়জিতের এই পোস্ট প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে শুরু হয়েছে মজার মন্তব্যের বন্যা। অনেকেই তাঁর সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, তাঁদের বাড়িতেও নাকি একই সমস্যা রয়েছে। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, বেশি বকাবকি করলে চুল কাটার বদলে সন্তানরা উল্টে ন্যাড়া হয়ে বাড়ি ফিরতে পারে। এমনকি একজন মন্তব্য করেছেন, তাঁর ছেলেকে কেউ বুঝিয়ে চুল কাটাতে পারলে তিনি ১০০০ টাকা দেবেন।
আরও পড়ুনঃ নিজের হাতে দেবের ছবি এঁকে ‘দাদাগিরি’-র মঞ্চে হাজির ভক্ত! প্রিয় তারকাকে সামনে পেয়ে যা করলেন আর বদলে কী উপহার পেলেন, যা হয়ে রইল আজীবনের জন্য বিশেষ স্মৃতি?
এদিকে কাজের দিক থেকে এই মুহূর্তে স্টার জলসার ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন পর আবার ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে ফিরেছেন তিনি। আরজি কর ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকে অভিনেতাকে দেখা যাচ্ছে একটি নেতিবাচক চরিত্রে। ব্যক্তিগত জীবনের মজার পোস্টের পাশাপাশি অভিনয় নিয়েও বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়জিৎ।






