দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি নিয়ে টলিপাড়ায় চর্চা নতুন নয়। একসময় ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় থাকা এই দুই তারকা বিচ্ছেদের পর নিজেদের পেশাগত জীবন আলাদা পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে ‘ধূমকেতু’র পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। এবার ‘দেশু৭’ ছবির শুটিংও শেষ হয়েছে। ছবির র্যাপ আপ পার্টিতে তাই ফের নজর কাড়ল দেব ও শুভশ্রীর উপস্থিতি এবং তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
বৃহস্পতিবার রাতে আয়োজিত র্যাপ আপ পার্টিতে দেব ও শুভশ্রীর পোশাকেও ছিল মিল। অনুষ্ঠানে বিশেষভাবে নজর পড়ে কেক কাটার সময়ের একটি মুহূর্তে। কেকের উপর ছিল ছবির পোস্টারের আদলে দেব ও শুভশ্রীর ছবি। কেক কাটার সময় শুভশ্রী ইধিকা পালের হাত ধরেন, আর দেবের পাশে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এরপর কেকের প্রথম টুকরো শুভশ্রীর হাত থেকেই নেন দেব। পরে দেবও নিজের হাতে কেক খাইয়ে দেন শুভশ্রীকে। মুহূর্তটির ছবি ও ভিডিও নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
একসময় ‘চ্যালেঞ্জ’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’র মতো ছবিতে জুটি হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন দেব ও শুভশ্রী। বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক ছিল। পরে বিচ্ছেদ হলেও দীর্ঘ সময় পর ফের কাজের সূত্রে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। ‘ধূমকেতু’র সাফল্যের পর সেই পুরনো জুটিকে নতুন ছবিতে দেখতে আগ্রহী দর্শকরা। র্যাপ আপ পার্টিতে শুভশ্রীকে বলতে শোনা যায়, সবার তরফ থেকে তাঁরা কেক কাটছেন এবং এটি তাঁদের সকলের ছবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইধিকা, ছবির সঙ্গীতের দায়িত্বে থাকা স্যাভি ও নীলায়নও।
পার্টিতে শুভশ্রীর সাজেও ছিল আলাদা নজর। কালো রঙের স্টাইলিশ পোশাক, হাই পোনিটেল এবং সাদামাটা গয়নায় তাঁকে দেখা যায়। অন্যদিকে দেব ছিলেন বেশ ক্যাজুয়াল লুকে। ডার্ক রঙের পোশাক, স্পাইক করা চুল এবং ট্রিম করা দাড়িতে তাঁকে বেশ অন্যরকম দেখাচ্ছিল। এদিকে দেব ও শুভশ্রীর রসায়ন নিয়ে যখন নেটমাধ্যমে আলোচনা চলছে, তখন অনুষ্ঠানে দেখা যায়নি তাঁদের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে। শুটিংয়ের শেষ দিন শুভশ্রী দেবের উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছিলেন।
আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার, ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন! যাকে তাকে ইন্ডাস্ট্রি বলা যায় না’ প্রাক্তন প্রসেনজিৎকে নাম না করেই কটাক্ষ দেবশ্রী রায়ের? অভিনেত্রীর মন্তব্য ঘিরে টলিপাড়ায় আলোচনা!
‘দেশু৭’ ছবির পরিচালনা ও গল্পের দায়িত্বে রয়েছেন দেব। ছবিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকারকে। দুর্গাপুজোর আবহে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। অ্যাকশন ও রোম্যান্সে ভরপুর এই ছবিতে দীর্ঘদিন পর দেব ও শুভশ্রীর জুটি দর্শকদের সামনে আসছে। ফলে র্যাপ আপ পার্টির এই বিশেষ মুহূর্তের পর ছবিটি ঘিরে আগ্রহ আরও বাড়ল বলেই মনে করছেন অনুরাগীরা।






‘ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার, ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন! যাকে তাকে ইন্ডাস্ট্রি বলা যায় না’ প্রাক্তন প্রসেনজিৎকে নাম না করেই কটাক্ষ দেবশ্রী রায়ের? অভিনেত্রীর মন্তব্য ঘিরে টলিপাড়ায় আলোচনা!