মহানায়কের সামনে বারবার ভুল, শেষে উত্তমের পা ধরে ক্ষ’মা চান অমিতাভ! সেদিন কী ঘটেছিল ‘দেশপ্রেমী’র সেটে?

উত্তম কুমার এবং অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার দুই প্রজন্মের দুই কিংবদন্তি। তাঁদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়েছিলেন দর্শক ‘দেশপ্রেমী’ ছবিতে। ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবির শুটিংয়ের সময়ই ঘটেছিল এমন এক ঘটনা, যা আজও দুই তারকার ভক্তদের কাছে বেশ আকর্ষণীয়। উত্তম কুমারের মতো অভিনেতার সামনে অভিনয় করতে গিয়ে নাকি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন অমিতাভ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে শেষ পর্যন্ত মহানায়কের মেকআপ রুমে গিয়ে তাঁর পা ধরে ক্ষমা চেয়েছিলেন বিগ বি।

‘দেশপ্রেমী’ ছবির মহরতেই প্রথমবার উত্তম কুমারের সঙ্গে দেখা হয়েছিল অমিতাভের। সেই অনুষ্ঠানে উত্তমের সঙ্গে ছিলেন তাঁর ছেলে গৌতমও। মহানায়ককে সামনে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অমিতাভ। এরপর দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। উত্তমের অভিনয়ের যে তিনি বড় ভক্ত, তা সেদিন স্পষ্ট করে জানিয়েছিলেন অমিতাভ। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলে যায়। প্রথম দিনের শুটিংয়েই অমিতাভের সঙ্গে উত্তমের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল।

জানা যায়, প্রথম দিনের শুটিংয়ে উত্তম কুমার সময়মতো সেটে পৌঁছে গিয়েছিলেন। নিজের প্রস্তুতিও সেরে নিয়েছিলেন তিনি। কিন্তু অমিতাভ প্রায় দু’ঘণ্টা পরে শুটিং ফ্লোরে পৌঁছন। বিষয়টিতে কিছুটা বিরক্ত হয়েছিলেন উত্তম। এরপর ক্যামেরার সামনে দু’জনের দৃশ্য শুরু হলে আরও সমস্যা তৈরি হয়। পরিচালক মনমোহন দেশাই ‘অ্যাকশন’ বলার পর উত্তম নিজের সংলাপ ঠিকঠাক বললেও অমিতাভ বারবার আটকে যাচ্ছিলেন। একের পর এক রিটেক হতে থাকায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মেকআপ রুমে চলে যান মহানায়ক।

উত্তমের এই বিরক্তি বুঝতে পেরে অমিতাভও আর দেরি করেননি। সোজা চলে যান মহানায়কের মেকআপ রুমে। জানা যায়, সেখানে গিয়ে উত্তমের পা ধরে ক্ষমা চান তিনি। নিজের ভুলের কারণও ব্যাখ্যা করেন বিগ বি। উত্তমের মতো এত বড় অভিনেতার সামনে অভিনয় করতে গিয়ে তিনি নার্ভাস হয়ে পড়েছিলেন বলেই বারবার সংলাপ ভুল হচ্ছিল বলে জানান অমিতাভ। তাঁর এই আন্তরিক স্বীকারোক্তি শুনে আর রাগ ধরে রাখতে পারেননি উত্তম। বরং সমস্ত অভিমান ভুলে অমিতাভকে বুকে টেনে নিয়েছিলেন মহানায়ক।

আরও পড়ুনঃ বিগ বসের এন্ট্রিতে নেচে পড়েছিলেন কটা’ক্ষের মুখে! ‘সবে দু’দিন করেছি, আরও ভালো হবে’, বিগ বস বাংলায় সঞ্চালনা নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

দুই তারকার সেই সাক্ষাৎ ও শুটিংয়ের স্মৃতি আজও বাংলা ও হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ। ‘দেশপ্রেমী’ মুক্তি পাওয়ার আগেই অবশ্য প্রয়াত হন উত্তম কুমার। ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে চলে যান মহানায়ক। তাঁর মৃত্যুর প্রায় দু’বছর পর মুক্তি পায় ‘দেশপ্রেমী’। ছবিটির পুরো শুটিংও শেষ করে যেতে পারেননি উত্তম। ফলে অমিতাভ-উত্তমের এই সাক্ষাৎ শুধু দুই কিংবদন্তির একসঙ্গে কাজ করার স্মৃতি নয়, তাঁদের পারস্পরিক শ্রদ্ধারও এক আবেগঘন অধ্যায় হয়ে রয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর