গুজরাতের ভারুচায় কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, হত ৮, আহত ৫০

এবার গুজরাতে ঘটে গেল ভয়াবহ অঘটন। গুজরাতের ভারুচ জেলার দহেচ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে একটি কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে মারা গেলেন কমপক্ষে আট জন ও আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ।

দহেচ মেরিন পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিপুল গাগিয়া জানিয়েছেন, এক নাম্বার দহেচ স্পেশাল ইকনোমিক জোনে যে কেমিক্যাল ফ্যাক্টরি ছিল সেখানে বয়লার ব্লাস্ট করেছে এবং ৮ জন কর্মী মারা গেছেন এবং কমপক্ষে আরও ৫০ জন আহত হয়েছেন।

ভারুচ ও ভাদোদরার বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে, ভারুচের পুলিশ সুপার আর ভি চুরাসামা জানিয়েছেন।

কেমিক্যাল ফ্যাক্টরিটি Yashashvi Rasayan Private Limited এর মালিকানাধীন।

অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আশেপাশে গ্রামগুলির বাসিন্দারা। ভারুচের কালেক্টর এমডি মোদীয়া জানিয়েছেন পার্শ্ববর্তী লাখি ও লুভারা গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। গুজরাতের রাজ্যসভার সদস্য কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বিজেপি সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। বিজয় রুপানি সরকারের ওপর সমস্ত দায় চাপিয়ে তিনি টুইট করেছেন, ভারুচ জেলায় কারখানায় দুর্ঘটনা বেড়ে চলেছে এবং এর জেরে মানুষ তাদের জীবন হারাচ্ছে। এটা তখনই থামবে যখন রাজ্য সরকার কারখানাগুলোতে নিরাপদে কাজ করার বিধি গুলি প্রয়োগ করবে এবং সেফটি অডিট শুরু করবে। শ্রম আইন-এর বর্তমান পরিবর্তন অসুরক্ষিত কাজের পরিবেশকেই গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে বলে জানান তিনি।

আরও অন্যান্য খবর