ভরদুপুরে উত্তরপাড়ায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ১৮ লক্ষ টাকার দুঃসাহসিক ডাকাতি!

ভরদুপুরে ব‍্যাঙ্ক ডাকাতির সাক্ষী থাকল উত্তর পাড়া। শুক্রবার বেলা ২টো ৫০মিনিট নাগাদ উত্তরপাড়ার রাজেন্দ্র অ‍্যাভিনিউয়ের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় তিন দুষ্কৃতী লুটপাট চালায়। দুষ্কৃতীদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। আপাতত অনুমান করা হয়েছে ব‍্যাঙ্ক থেকে ১৮ লক্ষেরও বেশি টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। তাদের ধরতে গোটা হুগলি জেলায় নাকা চেকিং চলছে।

সূত্রের খবর দুপুরে তিন দুষ্কৃতী একটি লাল রঙের বাইকে চেপে ব‍্যাঙ্কে আসে। আজ দুপুরে উক্ত ব‍্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। ফলে ঢুকতে কোনওরকম বাধার মুখে পড়তে হয়নি তাদের। ঢুকেই প্রথমে ক্যাশ কাউন্টারের দিকে যায় তারা। ক্যাশে যে কর্মী ছিলেন, তাঁকে গানপয়েন্টে রেখে লুট করা হয় ক্যাশবাক্স। ওই দুষ্কৃতী কালো প্যান্ট ও জলপাই রঙের জামা পরেছিল। কাঁধে ছিল গামছা। সবারই মুখ বাঁধা ছিল রুমালে। জানা গেছে ওই তিন দুষ্কৃতীর মধ্যে দু’জন বাঙালি ও একজন হিন্দিভাষী যুবক। টাকা নেওয়ার পর ব‍্যাঙ্ক কর্মীদের ভল্টে ঢুকিয়ে বন্ধ করে দেয় তারা। এরপর তাঁদের হুমকি দিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পালানোর সময় দেওয়ার সময় উত্তরপাড়া স্টেশনের কাছে কাঁঠালবাগান বাজারে দুষ্কৃীতের কাছ থেকে একটি নোটের বান্ডিল রাস্তায় পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। উদ্ধার করা হয় ব‍্যাঙ্ককর্মীদের। ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা এলাকা সিল করে দেওয়া হয়। ডানকুনি পর্যন্ত মোতায়েন করা হয় পুলিশ।

হুগলি জেলার সর্বত্র নাকা চেকিং চলছে। প্রতিটি রাস্তা ও হাইওয়েতে পুলিশ গাড়ি ও বাইকের তল্লাশি নিচ্ছে। সূত্রের খবর অনুযায়ী প্রায় দুষ্কৃতীরা ১৮ লক্ষেরও বেশি টাকা লুট করেছে। এবং এই পুরো টাকাটাই জমা পড়েছিল আজকে। অনুমান করা হচ্ছে ব‍্যাঙ্কে নিরাপত্তারক্ষী না থাকার খবর দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ছিল। এছাড়াও ব‍্যাঙ্কের সিসিটিভি ফুটেজ ও যথেষ্ট দুর্বল। ফুটেজ চেক করার সময় দেখা যায়, তা ততটা স্পষ্ট নয়। সব মিলিয়ে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা বাড়ছে। তবে পুলিশ সূত্রে খবর, যেহেতু জেলাজুড়ে নাকা চেকিং চলছে, তাই দুষ্কৃতীরা বেশিদূর যেতে পারবে না খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

আরও অন্যান্য খবর