দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপি নেতা তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। লেকটাউনে আহত এক বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির রাজ্য সম্পাদক। গাড়ি থেকে নামতেই একদল দুষ্কৃতী তাঁকে হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে। তাঁকে মারধরও করা হয়। ঘটনায় আহত হয়েছেন সব্যসাচী দত্ত।
অন্যদিকে, বিজেপির বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছে বলে খবর। দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউনের দক্ষিণদাড়ি এলাকা। অভিযোগ, এই ঘটনার পিছনে সুজিত বসুর অনুগামীরাই রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই জানিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি নেতা সব্যসাচী দত্তের দাবি, বেশ কয়েকদিন ধরে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছিল। আজ সোমবার তাঁর খোঁজ নিতেই লেকটাউনের দক্ষিণদাড়িতে যান তিনি। অভিযোগ, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। জামা ধরে টানাটানি হয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয় বিজেপি কর্মীরাও চলে আসে। দু’পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপিরই গোষ্ঠী কোন্দল। নব্য বনাম আদির লড়াই। তবে তৃণমূলের এই অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়েছে বিজেপি।





