আসছে ভূতের রাজা, সঙ্গে ফেলুদা, ব্যোমকেশ আর শবর, দেখুন ট্রেলার

বাংলার তিন দুঁদে গোয়েন্দা এবার একত্রিত হচ্ছেন, সঙ্গে থাকছে ভূতের রাজাও। কোন সিনেমায় এহেন অসাধ্য সাধন হল? সুজয় পাল পরিচালিত ‘ভূতের রাজা অ্যান্ড কোং’ শর্ট ফিল্মে দেখা যাবে বুদ্ধিমান এই ত্রয়ী ও তাদের লীডার ভূতের রাজাকে। এইটুকু শুনেই বাকি গল্পটা শুনতে ইচ্ছা করছে তো? ট্রেলারটা দেখে নিন। মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। যারা গোয়েন্দা গল্পের পোকা তাঁদের জন্য এই ছবি মণিমুক্তোর চেয়ে কম নয়। ছবির পরিচালকই এই ছবির গল্প লিখেছেন। অভিনয়ে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসুর মত তাবড় অভিনেতারা। ভয়েস ওভারে আছেন চিরঞ্জিত, রূপঙ্কর বাগচী।

ট্রেলারে দেখা যাচ্ছে, এক দুষ্টু প্রোমোটার (বিশ্বনাথ বসু) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত মেসবাড়ি যেটি এখন একটি লাইব্রেরি সেটি ভেঙে ফ্ল্যাট করতে চায়। আর সেটি বাঁধা দিতেই আসরে নামে বাংলা গোয়েন্দা জগতের এই বিখ্যাত নায়করা। সঙ্গে সঙ্গ দেন ভূতের রাজা। কিন্তু এই ঘটনা কি সম্ভব হল প্রবীণ লাইব্রেরিয়ান (প্রদীপ ভট্টাচার্য) এর কারণে? জানতে গেলে দেখতে হবে ছবিটি।

ছবির ট্রেলার ইতিমধ্যেই মানুষের মধ্যে সাড়া ফেলেছে। বাঙালি এমনি রহস্যপ্রিয় জাতি। রহস্য পেলে কেউ ছাড়ে না। সেখানে ফেলুদা ব্যোমকেশ আর শবর এক হচ্ছে যে সিনেমাতে সেই সিনেমা তো বাঙালি দেখবেই। ছবির গল্পে যেরম নতুনত্ব রয়েছে সেরকম সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড স্কোরও দর্শকদের বেশ মনে ধরেছে।

কবে মুক্তি পাবে এই সিনেমা তা এখনও জানানো হয়নি পরিচালকের পক্ষ থেকে। তবে ইউটিউবেই মুক্তি পাবে ৩০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি। কিন্তু মুক্তি পাওয়ার পরে বাঙালি দর্শক যে ইউটিউব মুখো হবে তা নিশ্চিত করেই বলা যায়।

আরও অন্যান্য খবর