কথা মতোই আজ সকাল ১১টায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভা সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তার কথা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প কে বাংলায় ঢুকতে দিচ্ছেন না কারণ মোদীজি গত ৩ বছরে প্রায় ১ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনা পয়সায় অস্ত্রোপচার করিয়েছেন। এর ফলে মোদীজি বাংলায় ঢুকলে যদি তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে যান সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন।
এখানেই অমিত শাহ বাংলার মানুষদের প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে তবে এক মিনিটের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হবে।
তিনি রীতিমতো একহাত নিয়েছেন মমতাকে এই বলে যে, “আপনার রাজনীতি করার জন্য অনেক জায়গা পড়ে আছে মমতাদি। যে কোনও জায়গা বলে দিন, মুখোমুখি হওয়ার জন্য আমরা তৈরি। কিন্তু গরিবকে অধিকার থেকে বঞ্চিত করছেন কেন?”
তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার কৃষকদের পয়সা পাঠাতে চায় কিন্তু রাজ্যের কাছ থেকে কৃষকদের নামের তালিকা চাইলেও রাজ্য পাঠায় না। রাজনীতির সীমা থাকা উচিত। “আর আপনি বলেন, আমরা রাজনীতি করছি? ” রীতিমতো গর্জে ওঠেন শাহ।
গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালও মেনে নিয়েছেন। কিন্তু মমতা কেন মানছেন না, এই প্রশ্নই বারংবার তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর গোটা বাংলার মানুষকে তিনি আশ্বাস দেন এই বলে যে, “পশ্চিমবঙ্গের মানুষকে আমি আশ্বস্ত করছি। নির্বাচনটা শেষ হতে দিন। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার এক মিনিট পরেই আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু হবে।”






