তবে কি এবার পাকাপাকিভাবে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে করোনা? ইংল্যান্ডের একদল গবেষক তো সেরকমটাই জানাচ্ছেন। করোনায় মৃত্যু রোধ করার নতুন ওষুধ বার করেছেন বলে দাবি করলেন ইংল্যান্ডের একদল গবেষক। তাঁদের মতে, সঙ্কটজনক করোনা আক্রান্তদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সফল হয়েছে ডেক্সামিথ্যাসোন নামে একটি স্টেরয়েড।
আজকে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে এবং গবেষকরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি সাধারণের মধ্যে এই গবেষণার ফল প্রকাশ করা হবে। গবেষণায় শামিল হয়েছেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ার্ল্যান্ডের ১১,০০০ এর বেশি রোগী।
গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ কোভিড চিকিৎসার আওতায় থাকা ৪,৩২১ রোগীর তুলনায় এই স্টেরয়েড প্রয়োগ করা ২,১০৪ জন রোগীর শারীরিক পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। স্টেরয়েড রোগীদের খাওয়ানো হয়েছিল এবং কিছু জনের উপর আইভি পদ্ধতিতেও প্রয়োগ করা হয়েছিল। এরপর দেখা গিয়েছে যে এই স্টেরয়েডের জেরে কৃত্রিম উপায়ে রোগীদের মধ্যে ৩৫ শতাংশ মানুষের মৃত্যুর আশঙ্কা কমেছে। যে সমস্ত রোগীদের অক্সিজেন দিতে হচ্ছিল, তাঁদের মধ্যে স্টেরয়েড প্রয়োগের ফলে মৃত্যুর আশঙ্কা ২০% কমেছে।
তবে গবেষকরা বলছেন যে গবেষণার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে আশঙ্কাজনক অবস্থা ছাড়া কোন রোগীর উপর এই স্টেরয়েড ফলপ্রদ হবে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, প্রতি ৮ জন ভেন্টিলেশনে থাকা রোগীর মধ্যে এই ওষুধের সাহায্যে একজনের প্রাণরক্ষা করা সম্ভব।
গবেষণাদলের অন্যতম সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার হরবি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যে সমস্ত রোগীকে অক্সিজেন দেওয়া জরুরি ছিল, তাঁদের মধ্যে মৃত্যুর আশঙ্কা কমাতে এই ওষুধের উপকারিতা প্রমাণ হয়েছে। এই কারণে এই রোগীদের সারিয়ে তুলতে ডেক্সামিথ্যাসোন প্রয়োগ জরুরি। এই স্টেরয়েড সস্তা, সহজলভ্য এবং বিশ্বজুড়ে আশঙ্কাজনক কোভিড রোগীদের ক্ষেত্রে অবিলম্বে প্রয়োগ করা সম্ভব।’






