এবার করোনার হানা জিপিওতেও। জিপিওতে কর্মরত এক আধিকারিকের শরীরে মিলল করোনার উপস্থিতি, যার জেরে ২ দিন বন্ধ থাকবে জিপিও। বৃহস্পতিবার ও শুক্রবার জিপিও-র সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই ২ দিন শতাব্দীপ্রাচীন ভবনের জীবাণুমুক্তকরণের কাজ চলবে।
জিপিও সূত্রের খবর, গতকাল বুধবার এক কর্মীর করোনা সংক্রমণের খবর আসে। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। যার খবর কাল এসে পৌঁছায়। যার চলতে আজ এবং আগামীকাল জিপিও বন্ধ রাখা হবে। বুধবার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরপরই বৃহস্পতি ও শুক্রবার জিপিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পোস্ট অফিসটি জীবাণুমুক্ত করতে এবং সংক্রমন রুখতে এই পদক্ষেপ নিয়েছে জিপিও কর্তৃপক্ষ। তবে আক্রান্ত আধিকারিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এতদিন কলকাতায় পুলিশ ও দমকলকর্মী, চিকিৎসক ও নার্সদের সংক্রমনের খবর এসেছিল। কিন্তু এবার ডাকবিভাগেও ছড়িয়েছে করোনার সংক্রমন। এই প্রথম কোনো ডাকবিভাগের আধিকারিকের নাম এল সংক্রমনের তালিকায়। তিনি কার কার সংস্পর্শে এসেছেন এখন তারই খোঁজ চালানো হচ্ছে। সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।






