গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী! যুঝছিলেন অবসাদের সঙ্গে! এর‌ই মাঝে প্রিয় নায়কের আত্মহননের ঘটনা! কে দায়ী?

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মঘাতী হ‌ওয়ার পর কেটেছে মাত্র চারদিন। এর‌ই মাঝে তাঁর‌ই দেখানো পথে হাঁটলেন তাঁর দুই ভক্ত। প্রথমজন ১০ম শ্রেণী পড়ুয়া এক কিশোর। আর দ্বিতীয় জন উত্তরপাড়া নিবাসী অরুন্ধতী দাস।

অভিনেতার মতো এই তরুনী ভুগছিলেন মানসিক অবসাদের। লকডাউনের জেরে হারিয়েছিলেন চাকরি। ব্যক্তিগত জীবনও সুখকর ছিল না। উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন বছর বত্রিশের ওই তরুণী। চাকরি করতেন আইটি সেক্টরে। পরিবারের লোকেদের কথায়, লকডাউনের জেরে চাকরি চলে গিয়েছিল অরুন্ধতীর। তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত রবিবার অর্থাৎ ১৪ই জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে গলা দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঘটনার দু’দিনের পর সদ্য প্রয়াত অভিনেতাকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অরুন্ধতী। ক্যাপশন ছিল, ‘তুমি রবে নীরবে’।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে স্নান করতে যান ওই তরুণী। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও বাথরুম থেকে ওই তরুনী বেরোননি। ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত বাথরুমের দরজা ভেঙে দেখা যায়, গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন উত্তরপাড়ার অরুন্ধতী দাস! সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি।

লকডাউনে জেরে পেশাগত জীবনে বিপর্যয় নেমেছিল। আর ব্যক্তিগত জীবন? সুখ কিন্তু অধরাই থেকে গিয়েছিল অরুন্ধতীর। বছর বিয়ে হয়েছিল, কিন্তু সংসার টেকেনি। বিবাহ বিচ্ছেদের পর কাজ হারিয়ে হতাশা বেড়েছিল। কিন্তু তা বলে ওই তরুণী একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিলেন, তা কিন্তু নয়। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে কথাবার্তা হয়। তখনও মেয়ের আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি বলে জানিয়েছেন তিনি। তাহলে কেন এমনটা হল? প্রিয় অভিনেতার আত্মহননের ঘটনা কি তাহলে এর পিছনে কাজ করে গেল? তদন্তে নেমেছে উত্তরপাড়ার থানার পুলিশ।

RELATED Articles

Leave a Comment