আজ তাঁর ৫০তম জন্মদিন। কিন্তু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বর্তমান পরিস্থিতিতে জন্মদিন পালনে রাজি নন। আর তাই ৫০ তম জন্মদিনে গরিবদের ৫০ লাখ খাবার প্যাকেট এবং করোনাভাইরাস যোদ্ধাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট এবং মাস্ক দিতে চলেছে কংগ্রেস।
দল জানিয়েছে করোনা পরিস্থিতি এবং লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ২০ জন জওয়ানের মৃত্যুর কারনে জন্মদিন পালন করতে চান না বলে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। সব রাজ্যের সংগঠন এবং রাজ্য নেতৃত্বকে কংগ্রেসের সাধারণ সচিব কেসি ভেনুগোপাল জানিয়ে দিয়েছেন, ‘আপনারা জানেন, চীন সীমান্ত সংঘর্ষে আমাদের সাহসী জওয়ানদের দুঃখজনক মৃত্যুতে সারা দেশ শোকাহত। এই পরিস্থিতিতে গরিবদের খাবার প্যাকেট দেওয়া, কমিউনিটি কিচেন খোলা-সহ যে কর্মসূচির পরামর্শ দেওয়া হয়েছে, তা সর্বোত্তম নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং আমাদের বীর জওয়ানদের সম্মান করতে হবে।’ সেই সঙ্গে শহিদ জওয়ানদের সম্মানে দেশের সর্বত্র কংগ্রেস নেতা-কর্মীদের দু’মিনিট নীরবতা পালনের কথা বলা হয়েছে।
একইসঙ্গে পশ্চিমবঙ্গেও শাসক দলের তরফ থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব নেতানেত্রীদের জন্মদিন পালন বা কেক কাটা বা স্লোগান দেওয়া বা ব্যানার টাঙানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






