অবশেষে মুক্তির স্বাদ পেতে চলেছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার সফুরা জারগার। দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট।
যদিও হাইকোর্ট থেকে তাঁকে ‘উপদেশ’ বাণী দেওয়া হয়েছে যে, যে কাজের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেই কাজে যেন তাঁকে ভবিষ্যতে আর না দেখা যায়। পাশাপাশি তদন্তে প্রভাব খাটানো, বাধা প্রদান এবং হস্তক্ষেপ করা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এছাড়াও তাঁকে তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে এবং প্রতি ১৫ দিন অন্তর তদন্তকারী অফিসাররা তাঁর সঙ্গে একবার করে কথা বলবেন এটাও জানানো হয়েছে সফুরাকে। আদালতের অনুমতি ছাড়া সফুরা এখন দিল্লি ছাড়তে পারবেন না।
অর্থাৎ সফুরাকে মুক্তি দেওয়া হয়েছে ঠিকই সেই সঙ্গে তার উপর চাপানো হয়েছে একগুচ্ছ শর্তও।
গত এপ্রিল মাসের ১০ তারিখে সফুরা গ্রেফতার হন কারণ পুলিশের অভিযোগ ছিল উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় তিনি উস্কানি দিয়েছেন। সফুরার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করা হয়। তারপর থেকে তিহার জেলে বন্দি ছিলেন তিনি। গ্রেফতারের সময় জানা যায় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। স্বাস্থ্যজনিত কারণে জামিনের আবেদন করলেও তা একাধিকবার খারিজ হয়ে যায়। এরইমধ্যে জামিনের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সফুরা।
সোমবার সেই মামলার রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর অধীনে থাকা দিল্লি পুলিশ তাঁকে দিল্লি হিংসার অন্যতম কাণ্ডারী বলে অভিযুক্ত করেছে!
দিল্লি পুলিশের দাবি, সফুরা শুধুমাত্র অন্তঃসত্ত্বা বলে তার অপরাধ কোনভাবেই লঘু হচ্ছে না। ১০ বছরে তিহার জেলে ৩৯ জন মহিলা সন্তান প্রসব করেছেন বলে জানানো হয় দিল্লি পুলিশের তরফে।
যদিও দিল্লি পুলিশের সেই যুক্তি আদালতে ধোপে টেকেনি। সফুরাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট।






