বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। রবিবার সন্ধ্যাবেলা হালিশহরের বীজপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। এখনও এলাকায় বজায় রয়েছে থমথমে উত্তেজনা।

বিজেপির অভিযোগ রবিবার সন্ধ্যাবেলায় বিজেপি কর্মীদের নিয়ে একটি দলীয় সভা চলাকালীন শাসকদলের গুন্ডারা আক্রমণ হানে বীজপুরে বিজেপি পার্টি অফিসের উপর। অভিযোগ যে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় গোটা পার্টি অফিসে। এমনকি এলাকার বিজেপি নেতা রাজা দত্তের বাড়ির উপরেও আক্রমণ চালায় শাসকদলের দুষ্কৃতীরা। এরপরেই ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং এর গাড়ি ভাঙচুর করে এই দুষ্কৃতীরা। আগুনে পোড়ানো হয় বাইক। শাসকদলের গুন্ডাবাহিনী গোটা এলাকা জুড়ে কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। প্রতিরোধে বিজেপি কর্মীরা এগিয়ে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে শাসকদলের। এরফলে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

বিজেপি নেতা রাজা দত্ত সংবাদমাধ্যমকে বলেন যে, “একজন সাংসদের গাড়ি যেভাবে ভাঙ্গা হলো তাহলে বুঝে নিন গোটা রাজ্যে সাধারণ মানুষদের অবস্থা কীরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে চারিদিকে আতঙ্কের সৃষ্টি করছে আপনারা নিজের চোখেই দেখুন।”

গোটা এলাকায় এখন মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। শাসক দলের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






