কাজাকস্তানে বাড়ছে নিউমোনিয়ার প্রভাব, নাকি এর মধ্যে গোপনে বাড়ছে কোভিডের হানা?

কাজাকস্তানে বাড়ছে নিউমোনিয়ার প্রভাব। অনেকে মনে করছেন এই নিউমোনিয়া হয়তো করোনারই আরেক রূপ। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরিকালীন স্বাস্থ্য কর্মসূচির কর্ণধার মাইকেল রায়ান। তিনি বলেছেন, মধ্য এশিয়ায় যেভাবে দিন দিন হু হু করে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। খেয়াল রাখতে হবে কাজাকস্তানে কিন্তু বিপুল পরিমানে করোনা সংক্রমণের হারও বাড়ছে। গত দশ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

রায়ান মনে করছেন, এ দেশে নিউমোনিয়ার যে অজানা রূপটা সামনে আসছে তা হয়তো আগামী দিনে কোভিড-১৯-এরই একটা রূপ হিসেবে ধরা দেবে। সত্যিটা জানতে সব রকম দিকই খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, টেস্টের উপর আমরা আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এখন অজানা এই নিউমোনিয়ার মধ্যে কোভিডের উপসর্গগুলো লুকিয়ে রয়েছে কিনা তাও আমরা পরীক্ষা করে দেখছি। উল্লেখ্য, কাজাকস্তানে চীনা রাষ্ট্রদূত ইতিমধ্যেই সে দেশে থাকা চীনা মানুষদের সাবধানবার্তা জানিয়েছে। তিনি বলেছেন, নিউমোনিয়া থেকে সাবধান হওয়ার সময় এসে গেছে, কারণ ইতিমধ্যেই এর প্রভাবে ১,৭০০ জন প্রাণ হারিয়েছেন।

RELATED Articles

Leave a Comment