নিরাপত্তার স্বার্থে এবার আধাসেনাতেও নিষিদ্ধ ফেসবুক

তথ্যের গোপনীয়তা বজায় রাখতে ভারতীয় সেনার পর এবার সমস্ত আধাসেনা বাহিনীতেও বন্ধ করা হল ফেসবুক। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি চিঠির মাধ্যমে সমস্ত আধাসেনা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, যে তাঁরা আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। তবে শুধু ফেসবুকই নয় অন্য বিদেশি অ্যাপের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডির নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।

মঙ্গলবার CRPF, BSF, CISF, ITBP এবং NSG’র শীর্ষ আধিকারিকদের মন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়। যাতে বলা হচ্ছে, এখন থেকে আধাসেনার জওয়ানরা ফেসবুক ব্যবহার করতে পারবেন না। এমনকী অবসরের পরেও অনুমতি দেওয়া হবে না। কারণ, অবসরের পরেও অনেক ক্ষেত্রেই বাহিনীর প্রাক্তন সদস্যরা দলের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকেন। এই সময় যখন চীনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তখন স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ। আধাসেনার জওয়ানরা যাতে কোনো অ্যাপের ফাঁদে পা না দেন, বা কোনওভাবে অনলাইনে তথ্য চুরি করা না যায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতীয় সেনাবাহিনীতে মোট ৮৯টি অ্যাপ বন্ধ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়াও ই-কমার্স, ডেটিং সাইটও। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, হাইক, টিকটক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডার, songs.pk-র মতো অ্যাপ। ভারতীয় বায়ুসেনা অবশ্য এই পদক্ষেপ আরও আগেই নিয়েছেন। সেই ফেব্রুয়ারিতেই ৮৫টি অ্যাপ নিষিদ্ধ করেছে তাঁরা। আসলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তারক্ষীদের এমন কোনও অ্যাপ ব্যবহার করা উচিত নয়, যা কিনা বিদেশিরাও ব্যবহার করতে পারে। তাঁদের বক্তব্য, সেনাবাহিনীর জন্য ফেসবুকের মতো ভারতের নিজস্ব অ্যাপ প্রয়োজন, যা শুধু এদেশ থেকেই খোলা যাবে।

আরও অন্যান্য খবর