সল্টলেকে রেলের পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে ধুন্ধুমার।

ফলাফল ঘোষণার পরের দিনই রেলের পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো সল্টলেকের সেক্টর ফাইভ৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ আজ ছিল রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য পরীক্ষা। যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল হওয়ায় এই মুহূর্তে বিক্ষোভ রেলের পরীক্ষার্থীদের।

আজ বেলা ১২ টা থেকে ছিল রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য পরীক্ষা। পরীক্ষার্থীদের রিপোর্ট করার সময় ছিল বেলা ১১:৪৫ এর মধ্যে কিন্তু তার আগে বেলা ১১:৩৬ নাগাদই হঠাৎ রেল কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানানো হয় যে, যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে আজকের দ্বিতীয় এবং তৃতীয় সিফ্টের পরীক্ষা। প্রথম সিফ্টের পরীক্ষা শুরু হলেও, তা চলাকালীনই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেই পরীক্ষাও বাতিল হয়।

 

ঘটনাটি ঘটেছে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভ এর এলাগুন পরীক্ষা কেন্দ্রে। রেলের তরফে নোটিশ জারি করে বলা হয় যে, যান্ত্রিক ত্রুটির দরুণ শুধুমাত্র সেই পরীক্ষা কেন্দ্রেই এই রেলের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রথম সিফ্টের ২৮ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা চলাকালীনই যান্ত্রিক ত্রুটির ঝামেলায় পরেন। তাই তাদের সহ বাতিল করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় সিফ্টের পরীক্ষাও। এই পরীক্ষাটি ফের কবে নেওয়া হবে তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে তাদের রেজিস্টার করা ফোন নম্বরে এসএমএস-এর মাধ্যমে কিংবা তাদের রেজিস্টার করা মেইল অ্যাড্রেসে মেইল করে।

rrb cancel notice

এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে উপস্থিত পরীক্ষার্থীরা৷ পরীক্ষার্থীদের অভিযোগ যে, তারা অনেক দূর থেকে আসার পর হঠাৎ এভাবে পরীক্ষা বাতিল হওয়াতে তারা বিপদের মুখে পরেছেন। এদের কেউ কেউ এসেছেন শিলিগুড়ি, মালদা, রানিগঞ্জ থেকেও। তাই পরীক্ষা এভাবে বাতিল হওয়াতে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ। পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় রেলের আরপিএফ বাহিনী । পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর