মদ্যপ এক যুবকের সাথে বচসায় জড়িয়ে নিজের মৃত্যুকে ডেকে আনলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে। ঘটনার জেরে ওই যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে শ্রীরামপুর থানায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক অমল, প্রতিদিন নেশা করে এসে পাড়া-প্রতিবেশীদের অশ্রাব্য ভাষায় গালাগালি করে। স্থানীয় তৃণমূল নেতা পিন্টু নাগ-সহ এলাকার অনেকেই জানিয়েছেন, সোমবার রাতে অভিযুক্ত যুবক নেশায় চুর হয়ে দীপালি মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে। তারপর শুরু হয় অশালীন আচরণ ও অশ্রাব্য গালিগালাজ। ঘটনায় দীপালিদেবী তার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়ে যায়। এরপর ধীরে ধীরে তা এতটাই উচ্চমাত্রায় পৌঁছায় যে অমল দীপালিদেবীকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই তিনি জ্ঞান হারান।
ইতিমধ্যে প্রচন্ড চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন। অচেতন দীপালিদেবীকে সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর মৃতার স্বামী ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই যুবকের কঠোর শাস্তি দাবি করেছেন। তাঁদের অভিযোগ, রোজই নেশা করে এসে ওই যুবক পাড়া-পড়শীদের সঙ্গে অভব্য আচরণ করে এবং তাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করে এলাকার পরিবেশ নষ্ট করছে।
অন্যদিকে ঘটনার পর সেই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর আর টাল সামলাতে না পেরে রাস্তার উপরই পড়ে আহত হয়। পুলিশ সূত্রের খবর, নেশাগ্রস্ত ওই যুবককে এখন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






