আজ ২১ শে জুলাই। তৃণমূলের শহীদ দিবস। কিন্তু এ বছর করোনার আবহে ভার্চুয়াল জনসভার আয়োজন করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে আজকের দিনেই তৃণমূলকে নাড়িয়ে দিল বিজেপি। আজ বহু গুণীজন যোগ দিলেন বিজেপিতে। যার মধ্যে সব থেকে উজ্জ্বলতম নাম হল ফুটবলার মেহতাব হোসেন। এছাড়াও আরো অনেক নামজাদা ব্যক্তিবর্গের হাতে আজ বিজেপির পতাকা তুলে দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন বিজেপির রাজ্য সদর দফতরে দলে যোগ দিলেন মেহতাব সহ একাধিক মানুষ। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ দীপশিখা আদিত্য এবং দক্ষিণ দমদম পুরসভার বিরোধী দলনেতা শিশির বল।
জনপ্রিয় ফুটবলার মেহতাবের নাম ঘোষণা করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘মেহতাব এমন একজন খেলোয়াড় যিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগান দু’দলেরই অধিনায়কত্ব করেছেন।’
আজকের বিশেষ দিনে তৃণমূলকে এমন চমক দিল বিজেপি, যা হয়তো ভাবতে পারেনি শাসক গোষ্ঠী। অন্যদিকে নতুন জ্ঞানীগুনী ব্যক্তিদের আগমনে বিজেপি দলের ওজন যে বেশ বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।






