পরশু হটস্টারে কখন মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’? জেনে নিন ভারতীয় সময়

আর মাত্র ৪৮ ঘন্টার অপেক্ষা।‌ তার পরেই হটস্টারে আসতে চলেছে সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। কিছুক্ষণ আগেই ছবির পরিচালকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ২৪শে জুলাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হতে চলেছে ‘দিল বেচারা’। ভারতে এই ছবিটি দেখা যাবে ডিজনি হটস্টার অ্যাপ থেকে এবং আমেরিকা, ব্রিটেন এবং কানাডা থেকে এই ছবিটি হটস্টার অ্যাপ থেকে দেখা যাবে।

ইতিমধ্যেই এই ছবির ট্রেলার ও তিনটি গান সাধারণ মানুষের সামনে এসেছে। যেগুলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ। পরশু ঘন্টা তিনেকের সিনেমায় সুশান্ত- সঞ্জনার অনস্ক্রিন জাদু দেখে আরো একবার কাঁদতে চলেছেন দর্শকরা।

https://twitter.com/DisneyPlusHS/status/1285791355839512578?s=20

সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পর এক মাস কেটে গিয়েছে কিন্তু এখনো তাঁর চলে যাওয়ার ক্ষতটা তাঁর অনুরাগীদের মনে দগদগ করছে। এই ছবিতে সুশান্তের সহজাত অভিনয় ক্ষমতা এবং এক্সপ্রেশনের বহিঃপ্রকাশ এর পরিচয় ইতিমধ্যেই তিনটি গানে পেয়ে গিয়েছেন মানুষ। ছবির অন্যান্য কলাকুশলীরা ধারাবাহিকভাবে এই কয়দিনে ছবির প্রচার করে গিয়েছেন সেইসঙ্গে সমানে স্মৃতিচারণা করে গিয়েছেন তাঁদের প্রিয় সুশান্তের। এই ছবিতে নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনি প্রায়ই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শ্যুটিংয়ের টুকরো টুকরো মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।

এছাড়াও এই ছবির স্টোরিবোর্ড আঁকার দায়িত্বে ছিলেন আর এক বঙ্গসন্তান অনিকেত মিত্র। তিনিও সোশ্যাল মিডিয়ায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। ছবিটি পরিচালনায় রয়েছেন মুকেশ ছাবরা। গীতিকার অমিতাভ ভট্টাচার্য ও সুরকার এ আর রহমানের জাদুতে ইতিমধ্যেই ‘দিল বেচারা’ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।

পরশু সকলেই হয়তো দেখতে বসবেন ‘দিল বেচারা’ কিন্তু যাঁর জন্য এই ছবিটি দেখতে বসবেন তিনিই আর নেই! চোখের কোণটা ভিজবে তো বটেই তবে সুশান্তের অভিনীত শেষ ছবিটা তো দেখতেই হবে।

আরও অন্যান্য খবর