এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। চীনের সামনেই চীনের পরোক্ষে সমালোচনা ভারতের। G20 Digital Minister’s Meet-এ ঘুরিয়ে অ্যাপ ব্যান নিয়ে চীনের সামনেই ভারতের অবস্থান স্পষ্ট করলেন আইটি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
ডিজিটাল প্ল্যাটফর্মদের সংবেদনশীল ও দায়িত্বশীল হতে হবে যাতে তারা কোন দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। বিশেষত যেখানে নিরাপত্তা, গোপনীয়তা ও প্রতিরক্ষার মতো বিষয় জড়িয়ে রয়েছে সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে অনেক সংবেদনশীল হতে হবে। ঠিক এই কথাগুলোই চীনের প্রতিনিধির সামনে আজকে বললেন আইটি মন্ত্রী রবি শংকর প্রসাদ।
এই জি-২০ ডিজিটাল সামিটে চীনের মিআও উই-ও উপস্থিত ছিলেন। তার সামনেই কেন্দ্রীয় মন্ত্রী এই কথাগুলো বলেন। স্বাভাবিকভাবেই ওয়াকিবহাল মহলের ধারণা চীনকে এই বক্তব্যের মাধ্যমে আরেকবার নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করে দিল ভারত।
সম্প্রতি গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের জেরে ভারত থেকে ৫৯ টি চীনা অ্যাপ অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেওয়া হয়। এর মধ্যে টিকটক, ক্যামস্ক্যানারের মতো জনপ্রিয় অ্যাপও আছে।
রবিশংকর প্রসাদ জানিয়েছেন যে, ভারত ডাটা নিরাপত্তা সংক্রান্ত সুঠাম আইন বানানোর চেষ্টা করছে। কীভাবে কোভিড মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার হচ্ছে, গরীবদের টাকা পাঠাতেও তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেই সম্পর্কেও তথ্য দিয়েছেন রবিশংকর প্রসাদ।






