স্বামীর সঙ্গে দেখা হয়নি চার মাস। সেই মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ডেন্টাল কলেজের এক জুনিয়র ডাক্তার। ঘটনাটি ঘটেছে আর আহমেদ ডেন্টাল কলেজে। আত্মঘাতী ওই জুনিয়র ডাক্তারের নাম মানসী মন্ডল(২৬)। মানসী আর আহমেদ ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, মানসী মণ্ডল নামে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টা নাগাদ বন্ধ ঘরের দরজা ভেঙে মানসীর ঝুলন্ত দেহ উদ্ধার করে এন্টালি থানার পুলিস। ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে এন্টালি থানার পুলিস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই সুইসাইড নোটে অবসাদের কথাই লেখা আছে। জীবনের প্রতি আসক্তি হারিয়ে ফেলেছিলেন মানসী। তার স্বামী বেঙ্গালুরুতে থাকেন। মার্চ মাস থেকে স্বামীর সঙ্গে দেখা হয়নি মানসীর। এই ব্যাপারে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বন্ধু বা রুমমেটদের একাধিকবার মানসী জানিয়েছিলেন তাঁর এই মানসিক অবসাদের কথা বলেও জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা নাগাদ বন্ধুদের ফোন করেন মানসী এবং জানান যে তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু তারপর তিনি আর কলেজে আসেন নি। শুরু হয় খোঁজাখুঁজি। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। খবর দেওয়া হয় এন্টালি থানায়। খবর পেয়ে হস্টেল চলে আসে পুলিশও। শেষে ডাকাডাকিতেও সাড়া না মেলায়, পুলিশ দরজা ভাঙতেই মানসী মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।






