সাইবার বুলিং বন্ধ করতে নতুন উদ্যোগ মহারাষ্ট্র পুলিশের, সামিল হচ্ছেন সোনাক্ষী সিনহা

সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমাদের সকলের জীবন মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এর টাইমলাইনেই কাটে। দিনভর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয় ছবি ও কথা চালাচালি। কিন্তু পৃথিবীর সকল জিনিসেরই যেমন ভালো খারাপ দিক আছে সেরকম সোশ্যাল মিডিয়ার খারাপ দিক হলো সাইবার ক্রাইম। যার মধ্যে সাইবার বুলিং অন্যতম। সোশ্যাল মিডিয়ায় হুমকি, নোংরা ভাষায় আক্রমণ, কুরুচিকর ট্রোল, মীম আজকাল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এগুলোকেই সাইবার বুলিং বলে। আর এধরনের আক্রমণের শিকার সবথেকে বেশি হন তারকারা।

অনেক তারকা চুপ করে থাকেন, অনেকে ইগনোর করেন আবার কিছু তারকা মুখ খোলেন। এবার এইধরনের অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মহারাষ্ট্র পুলিশ। আর এই পদক্ষেপের অংশীদার হতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।প্রসঙ্গত, সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হওয়ার পর সাময়িক ভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষী। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর কমেন্ট সেকশনও বন্ধ করেছিলেন সোনাক্ষী। আর তারপরই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সোনাক্ষী এই ব্যাপারে বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি এসেছিলেন ভালোবাসা ও ইতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এই জগতে আক্রমণ ও হুমকির শিকার হয়েছেন তাই এই সাইবার দুনিয়া তার কাছে এখন মানসিক চাপের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের বিষয় মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে। আর তাই এবার এই সাইবার আক্রমণে যাতে দাঁড়ি পড়ে সেই জন্যই আমি মহারাষ্ট্র পুলিশের এই পদক্ষেপের অংশীদার হয়েছি।

সাইবার বুলিং বন্ধ করতে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে প্রচার চালানো হবে। পাঁচটি লাইভ কথোপকথনের ব্যবস্থা করা হচ্ছে যাতে অংশ নেবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। খুব শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

RELATED Articles

Leave a Comment