বিজেপিতে শুভেন্দু অধিকারী? তৃণমূলের বৈঠকে তাঁর অনুপস্থিতি বাড়াল জল্পনা

প্রথমে জল্পনা ছিল যে বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসতে চলেছেন মুকুল রায় যদিও আমাদের অন্তর্তদন্ত সেই কথা মিথ্যা প্রমাণ করেছিল। এবার শুভেন্দু অধিকারী কে নিয়ে উঠল নতুন জল্পনা। খুব শীঘ্রই কি গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা মেদিনীপুরের দাপুটে নেতা? বাতাসে কিন্তু সেরকমই খবর ভাসছে। এদিকে তৃণমূলের রাজ্য সমন্বয় কমিটির প্রথম বৈঠকেই তিনি অনুপস্থিত ছিলেন। ফলে জল্পনা যে আরেক ধাপ বেড়েছে একথা বলাই বাহুল্য।

আজ তৃণমূলের রাজ্য সমন্বয় কমিটির প্রথম বৈঠক ছিল অথচ এদিনের বৈঠকে শুভেন্দু সহ ৪ জন নেতা অনুপস্থিত ছিলেন। যদিও দলের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় জানান, যারা বৈঠকে থাকতে পারবেন না তাঁরা দলকে আগেই জানিয়ে দিয়েছিলেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি অনেকটাই জল্পনা বাড়িয়ে তুলেছে।

আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে বড়সড় রদবদল ঘটিয়েছেন। ২১ জনের একটি রাজ্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রাজ্যজুড়ে প্রতিটি জেলার নেতা-কর্মীর মধ্যে সার্বিক সমন্বয় তৈরি করা এবং জেলা সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেবে এই কমিটি।

শুক্রবার এই কমিটির প্রথম বৈঠক ছিল। এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলাস্তরে সকল নেতা কর্মীকে সমান চোখে দেখা হবে। সভাপতি কিংবা কো-অর্ডিনেটর ক্ষমতাবান আর বাকিরা নগণ্য এটা হবে না। জেলার নেতাদের কাছে পরামর্শ নিয়ে দলের জেলা ভিত্তিক সাংগঠনিক কাজকর্ম সম্পন্ন হবে। প্রতি ১৫ দিন অন্তর এই বৈঠক হবে।

RELATED Articles

Leave a Comment