মুঘল আমলে রামনবমী করেছি, লকডাউনেও করব, জোর গলায় বললেন দিলীপ ঘোষ

আগামীকাল ৫ই আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির এর ভূমি পুজো অনুষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা সরকার আগামীকাল সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। গতকাল লকডাউন এর দিন পরিবর্তন হয়েছে কিন্তু নতুন তালিকা ৫ ই আগস্টকে বাতিল করা হয়নি। ফলে বিরোধী শিবিরের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিহিংসার থেকেই এই কাজ করছেন। কিন্তু তাতে যে বিজেপি দমে যাবে না সে কথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক কিছু মন্তব্য থেকেই স্পষ্ট।

মঙ্গলবার পলতায় চা-চক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নেন দিলীপবাবু। বলেন, ‘ব্রিটিশ আমলে, মুঘল আমলে রাম নবমী করেছি। লকডাউনেও করব।’

আগামীকাল ৫ই আগস্ট সারা দেশ জুড়ে গেরুয়া পন্থী সংগঠনগুলি উদযাপনের পরিকল্পনা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে আগামীকাল সম্পূর্ণ লকডাউন থাকায় রাজ্যের বিজেপি কর্মী বনাম পুলিশের যে খন্ড যুদ্ধ বাঁধতে পারে তার একটা আগাম আভাস পাওয়া যাচ্ছে। কারণ দিলীপবাবু বলে দিয়েছেন লকডাউন উপেক্ষা করেই দলের কর্মীরা সকাল ১১টা থেকে রাজ্যের মন্দিরে মন্দিরে পুজো দেবেন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন। এদিন দিলীপবাবু বলেছেন যে পুলিশ বাধা দিলে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন দলীয় কর্মীরা।

বিজেপি আগামীকাল লকডাউনের দিন রাজ্য সরকার পরিবর্তন না করায় রীতিমতো ক্ষুব্ধ। তাদের দাবি, তোষণের রাজনীতি করতে ৫ই আগস্ট সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাকি বিরোধী দলগুলির বক্তব্য এভাবেই খাল কেটে বিজেপিকে রাজ্যে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে বর্তমানে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি।

আরও অন্যান্য খবর