গালওয়ান সংঘর্ষের পর চীনা অ্যাপের উপর হয় ভারতের ডিজিটাল স্ট্রাইক! দেশ ছাড়তে হয় টিকটক সহ বহু জনপ্রিয় মোবাইল অ্যাপকে।
আর এইসব টানাপোড়েনের মধ্যেই চীনা মোবাইল সংস্থা শাওমি জানালো, লকডাউনের মধ্যে ভারতীয় শিশুদের অনলাইন পড়াশোনার জন্য ২,৫০০ স্মার্টফোন বিলি করবে। এর জন্য সংস্থার খরচ হবে ২ কোটি টাকা।
শাওমি ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার মুরলীকৃষ্ণণ বি দাবি করেছেন, এজন্য তাঁরা তাঁদের ডিস্ট্রিবিউটর ও রিটেল পার্টনারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। শাওমি সংস্থার মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁদের এই পদক্ষেপ।
ছাত্রছাত্রীরা যাতে অনলাইন শিক্ষালাভের জন্য স্মার্টফোন পায়, তাই শাওমি টিচ ফর ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। টিচ ফর ইন্ডিয়ার চিফ অফ সিটি অপারেশনস সন্দীপ রাই বলেছেন, এই করোনা মহামারী দেশের নৈতিক ও সামাজিক বুননের ওপর আঘাত করেছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ করে সঙ্কটে পড়েছেন আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরা। তাই টিচ ফর ইন্ডিয়া একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের কথা ভাবছে, যাতে দেশজুড়ে ছেলেমেয়েদের পড়াশোনার ধাঁচেই পরিবর্তন আনা যায়। এ জন্য শাওমি ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত।






