স্বাধীনতাহীনতায় আমরা কেউ বাঁচতে চাই না। আজ ১৫ ই আগস্ট ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। যদিও এই বছর করোনা পরিস্থিতি স্বাধীনতা দিবস উদযাপনে অনেকটাই বাঁধা দিয়েছে। আমরা করোনার কাছে পরাধীন হয়ে গিয়েছি এই বছর।
তবু এই বছর যে যেরকম ভাবে পারছেন সেরকম ভাবেই উদযাপন করছেন স্বাধীনতা দিবসের। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী যেমন আজকে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও। সেখানে মিমিকে দেখা যাচ্ছে ভারতের পতাকা হাতে। মিমির মনে প্রশ্ন জেগেছে যে আমরা কি সত্যিই স্বাধীন এত বছর পর? আসলে স্বাধীনতা দিবস পালন করলেই কি স্বাধীন হওয়া যায়? মনের স্বাধীনতা কী সত্যিই আমাদের রয়েছে? এই সকল প্রশ্নই ভেসে উঠলো এই ভিডিওতে।
কীভাবে আজও আমরা বিভিন্ন পেশায় লিঙ্গবৈষম্য করি, লকডাউনে করোনা যোদ্ধাদের কীভাবে আমরা ব্রাত্য করেছি, কিংবা তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা কিন্তু এখনও স্বাধীন ভারতীয় নাগরিক বলে মেনে নিতেই পারিনা। মেয়েদের রিক্সা চালানোটা বাঁকা চোখে দেখা কেন হয়? এসব কথাই মিমি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তাঁর এই ভিডিওতে।
“আসলে আমাদের চারপাশের বিভিন্ন স্বাধীনতার সাথে সাথে আরও একরকমের স্বাধীনতা ভীষণভাবে জড়িয়ে। সেটা হল চিন্তা-ভাবনার স্বাধীনতা। আসুন না আমরা সবাই মিলে স্বাধীনতার আসল মানেটা খুঁজে বার করি” বলতে শোনা গেল মিমিকে।
সকলেই জানেন মিমি একজন পশুপ্রেমী। তাই ভারতের স্বাধীনতা দিবসে তিনি কিন্তু এই চার পেয়ে বন্ধুদের ভোলেননি।
তাই মিমি স্বাধীনতা দিবসে চাইছেন যাতে এমন সমাজ আমরা গড়তে পারি যেখানে পথ কুকুর কিংবা পশুদের খাবার দেওয়াটা আদিখ্যেতা না মনে হয়। এই ভাবেই প্রতিটি ক্ষেত্রেই স্বাধীনতার অন্য মানে খুঁজেছেন এই অভিনেত্রী সাংসদ। এই নতুন প্রজন্মের সাংসদের স্বাধীনতা নিয়ে আধুনিক বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড জনপ্রিয় হয়েছে। হু হু করে শেয়ার হচ্ছে এই ইনস্টাগ্রাম ভিডিও। অনেকেই বলছেন বর্তমান দিনে ঠিক এরকমই বার্তা দরকার ছিল স্বাধীনতা দিবস নিয়ে।





