রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীনতা হরণকারী, পিসি ভাইপোর এই সরকার বদলে দেওয়া উচিত: সৌমিত্র খাঁ

স্বাধীনতা দিবসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা হরণকারী আখ্যা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিতে চাইলেও তার দল বিজেপি সেটা কোনদিনও হতে দেবে না।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। যত বেশি টেস্ট হবে ততো বেশি করোনা রোগীর সন্ধান পাওয়া যাবে একথা স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে পরবর্তী জায়গায়। করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকু পাচ্ছেন না সরকারি ও বেসরকারি হাসপাতালে অভিযোগ উঠছে এমনটাই। এমনকি হাসপাতালের দোরে দোরে ঘুরে মৃত্যু হয়েছে অনেকের। এছাড়াও বেসরকারি হাসপাতাল গুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে চড়া হারে বিল পাঠানোর।

আজ সৌমিত্র খাঁ রাজ্যের এই স্বাস্থ্যব্যবস্থাকেই দুষলেন। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অধীনে, সেহেতু তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই লক্ষ্য করে মন্তব্য করবেন এ কথা বলাই বাহুল্য। সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন মিথ্যা কথা বলেন। আজকে জনসেবা, স্বাস্থ্যসেবা কোনও পরিষেবাই তিনি দিতে পারছেন না। স্বাস্থ্যসাথী কার্ডে কোথাও চিকিৎসা হচ্ছে না। উনি মিথ্যুক।”

এছাড়াও রাজ্যের পুলিশ ব্যবস্থাকেও একহাত নিয়েছেন সৌমিত্র বাবু। বিজেপি সাংসদ বলেন, “তৃণমূল নেতাদের নিজেদের ক্ষমতা নেই যে আমাদেরকে আক্রমণ করবে। তাই পুলিশদেরকে ব্লক সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে।”

পিসি-ভাইপোর এই সরকার অবিলম্বে বদল করে দেওয়া উচিত বলে দাবি করেছেন সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ নিজে অতীতে তৃণমূলের সদস্য ছিলেন। সেইজন্যে এখন তিনি আক্ষেপ করেন। আজও তাঁর গলায় শোনা গেল আফশোসের সুর, “পশ্চিমবঙ্গের বহু যুবক তৃণমূল কংগ্রেস করে। আমিও ছিলাম একসময়। তবে এখন পাপের প্রায়শ্চিত্ত করছি। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসকারী দল।”

যদিও শাসক শিবির এর তরফ থেকে বিজেপি সাংসদ এর এই কটাক্ষ বাণীর পাল্টা কোন জবাব আনুষ্ঠানিকভাবে এখনও পাওয়া যায়নি।

আরও অন্যান্য খবর