একুশের মহারণে এবার দু’কোটি মহিলা ভোটারকে টার্গেট করল তৃণমূল। সপ্তাহব্যাপী বিশেষ স্যোশাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আজ, অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে এই অভিযান। এতেও মহিলা কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কীভাবে এগোবে এই কর্মসূচি? স্থির হয়েছে প্রতি বুথে একজন তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী থাকবেন, যিনি এলাকার ২০ জনের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খাতিয়ান পৌঁছে দেবেন। মেয়েদের জন্য তৃণমূল সরকার কী কাজ করেছে, তার কথাও তুলে ধরবেন বাংলার মহিলাদের মধ্যে। রাজ্য ৭০ হাজার বুথে এই কর্মসূচি হবে।
মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক কাজ করেছেন । প্রতি বুথে মহিলাদের জন্য তৃণমূল কী করেছে-তার খতিয়ান তুলে ধরা, রূপশ্রী, কন্যাশ্রীর সুবিধা যাতে প্রত্যন্ত গ্রামের মেয়েটাও পায়, সেসব দিকে নজর রাখতেই এই কর্মসূচি। ”
প্রসঙ্গত উল্লেখ্য মহিলা ভোটার বাংলার ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ২০২১ এর লক্ষ্যে এখন এই মহিলা ভোট ব্যাঙ্কের ওপরই নজর দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। পরিসংখ্যান দেখা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। এর ফলেই ২০১৪–এ বিজেপির পাওয়া সতেরো শতাংশ ভোট ২০১৯–এ বেয়াল্লিশ শতাংশে এসে পৌঁছয়। আবারও ভোটব্যাঙ্ককে মজবুত করতে তৃণমূল কংগ্রেসের এই ভাবনা বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!