টিকটক নেই তো কী! ইনস্টাগ্রাম রিলে নেটপাড়া মাতাচ্ছেন সাংসদ নুসরত জাহান

বলিউডের বেতাজ বাদশা তিনি। রোমান্সের আরেক নাম শাহরুখ খান। এবার তাঁর সিনেমার গানেই রিলস ভিডিও করে দর্শকদের মাতিয়ে দিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। টিকটকের ভিডিও করতে পারছেন না সেই দুঃখ ভুলে এবার ইনস্টাগ্রাম রিলেই মজেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের রিলস ভিডিওতে দেখা গেল নুসরতের রূপের ছটা! জব হ্যারি মেট সজলের গান হাওয়ায়ের ছন্দে নুসরতকে দেখা গেল রোমান্স পূর্ণ পোজে। হলুদ শাড়ি, ঝোলা দুল এবং ন্যুড মেকআপ; স্ক্রীনে স্নিগ্ধ আগুন ঝরাচ্ছেন এই লাস্যময়ী। স্বাভাবিকভাবেই এই ভিডিওতে লাইক এবং শেয়ারের বন্যা বয়েছে।

এমনিতেই নুসরত জাহান সারাক্ষণই প্রচারের আলোতে থাকেন। কেন্দ্রীয় সরকারের চীনা অ্যাপ টিকটক ব্যান করা নিয়ে তিনি বলেছিলেন, দেশের একটা বড় অংশ বেকার হয়ে গেল এবং নোট বন্দির মত এর বিশাল প্রভাব দেশের যুবসমাজের উপর পড়বে। তাঁর এই বক্তব্য নিয়ে সেই সময় প্রবল বিতর্ক হয়েছিল তবে টিকটক কে ভুলে এবার ইনস্টাগ্রাম রিলের সঙ্গে সখ্য পাতিয়েছেন নুসরত।

বর্তমানে তাঁর ব্যস্ততাও বেড়েছে কারণ তৃণমূলের রাজ্য স্তরের মুখপাত্রদের মধ্যে নুসরতের নামও অন্তর্ভুক্ত হয়েছে। সেইসঙ্গে শুরু হয়েছে তাঁর আগামী ছবি কলকাতা এসওএস এর শুটিং। ফলে লকডাউনেও সেরকম ফুরসত ফেলার সময় পাচ্ছেন না এই সাংসদ-অভিনেত্রী। যদিও যেটুকু সময় পাচ্ছেন সেটুকুকেই স্বামী নিখিল জৈনের সঙ্গেই চেটেপুটে উপভোগ করছেন নুসরত এবং তার টুকরো ঝলক শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও নিন্দুকেরা বলছেন যে, তিনি মানুষের জন্য কাজ করার বদলে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেন। তবে সেই সব কথাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে নুসরত আছেন নুসরতেই।

সম্প্রতি নিজের স্বামী নিখিল জৈনের সঙ্গে একটি ছবি পোস্ট করেও ভাইরাল হয়েছিলেন নুসরত। যেখানে নিখিলকে দেখা গেছিল রান্নাঘরে স্ত্রীকে সাহায্য করতে। রান্নাঘরে একমনে শসা কাটছিলেন নিখিল আর নুসরত লুকিয়ে সেই ভিডিও শুট করে শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। স্বামী স্ত্রীর মিষ্টি এই সম্পর্ককে আপন করে নিয়েছিলেন দর্শক। এছাড়াও নিজের আগামী ছবির লুক প্রকাশ্যে এনেছেন নুসরত। ‘এসওএস কলকাতা’ ছবিতে ক্রপ টপ এবং পালাজো পরে ফোটোশ্যটের জন্য পোজ দিয়েছেন নুসরত।

তবে নুসরতকে এই ছবিতে মোহময়ী লাগছে অন্য কারণে। এই ছবিতে নুসরতের ছোট চুল এবং শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু তাঁর লুকের ইউএসপি। ইতিমধ্যেই জোরকদমে চলছে সিনেমার শুটিং। এ ছবিতে নুসরতের সঙ্গে রয়েছেন তাঁর আদরের বনুয়া আরেক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা যশ দাশগুপ্ত। পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রযোজক হিসাবে রয়েছেন অভিনেত্রী এনা সাহা যাকে এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে। লকডাউনের মাঝে সমস্ত নিয়মাবলী মেনেই চলছে এই ছবির শ্যুট।

RELATED Articles

Leave a Comment