আজ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে পুনরায় ভর্তি হয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি ওনার স্টেজ-৩’র ক্যান্সার ধরা পড়েছে। এরপর থেকে বিভিন্ন সময় টেস্টের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
সূত্রের খবর, সঞ্জয় দত্ত সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। আপাতত মুম্বইয়ের হাসপাতালেই তাঁর পরীক্ষা নিরীক্ষা চলছে। সাধারণত মুম্বইয়ে দুটি হাসপাতালে ক্যানসার ট্রিটমেন্ট করা হয়। প্রথমটি ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং দ্বিতীয়টি লীলাবতী হাসপাতাল। তাই দুটি হাসপাতালেই তাঁর ওপর নানান পরীক্ষা করছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে, গতকাল আন্ধেরির ধীরুভাই আম্বানি হাসপাতালে ওনার কিছু টেস্ট হয়েছিল। আর আজ সকালে লীলাবতী হাসপাতালে সঞ্জয় দত্তকে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫.১৫ নাগাদ ওনাকে ছেড়েও দেওয়া হয়।
আগে শোনা গেছিল উনি ওনার চিকিৎসার জন্য আমেরিকা চলে যাবেন। কিন্তু সঞ্জয় দত্ত মুম্বই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। আর তার জন্যই আমেরিকার ভিসা পেতে তিনি অসুবিধায় পড়তে পারেন। তাই হয়তো তিনি সিঙ্গাপুরে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারেন।
তবে মুম্বইয়ের এক হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে যে মহামারীর আবহ তৈরি হয়েছে তাতে বিদেশে নাও যেতে পারেন সঞ্জয় দত্ত। বরং নিজের দেশে থেকেই চিকিৎসা করাতে পারেন সঞ্জয়। তবে আপাতত বিশেষজ্ঞরা তাঁর ওপর একাধিক টেস্ট করছেন। এই টেস্টের রিপোর্ট এলেই জানা যাবে তিনি আগামী দিনে কোথায় কিভাবে চিকিৎসা করাবেন।






