পৌষমেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘেরা নিয়ে এখন উত্তপ্ত হয়ে রয়েছে বিশ্বভারতী প্রাঙ্গণ। আজ সকালে মাঠের পাঁচিল ও দরজা ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের প্রতিক্রিয়া জানান এবং বিশ্বভারতীতে দ্রুত শান্তি ফেরানোর আশ্বাসও দেন।
সম্প্রতি কিছুদিন ধরে পৌষমেলা প্রাঙ্গণকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বিশ্বভারতী এবং বোলপুরের কিছু সমিতির মধ্যে। শনিবার বোলপুর ব্যবসায়ী সমিতি মেলা প্রাঙ্গনকে ঘিরে ফেলার কাজ বন্ধ করে দেয়। এরপরই ঝামেলা শুরু হয়। শনিবার সন্ধ্যাবেলায় অধ্যাপক এবং কর্মীদের মেসেজ পাঠান রেজিস্টার। এরপর রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে বিশ্বভারতীর অঙ্গন থেকে মেলার মাঠে পাঁচিল দেওয়ার জন্য জেসিবি দিয়ে গর্ত করার কাজও শুরু হয়। অন্যদিকে এই খবর কানে যেতেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় শান্তিনিকেতন বাঁচাও কমিটি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির মানুষদের। তাঁরা এরপর উপাচার্যের সঙ্গে কথা বলতে যান। তবে উপাচার্য কথা বলতে নারাজ হন।
এরপরই সোমবার সকালে জেসিবি চড়ে ঘটনাস্থলে আসেন কিছু মানুষ। এমনকি জেসিবি মেশিন নিয়ে ভেঙে ফেলা হয় পাঁচিল এবং দরজা।
এই ঘটনার পর টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, “উপাচার্য জানিয়েছেন নিয়ম না মেনে কিছু মানুষ পৌষ মেলা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এমনকি সেখানে ভয়ঙ্কর পরিস্হিতি তৈরি করেছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
এর কিছুক্ষণের মধ্যে আরও একটি টুইট করেন রাজ্যপাল। যেখানে তিনি জানিয়েছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। বিশ্বভারতীতে পরিস্হিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন রাজ্যপাল।






