আরেকবার উপাচার্যদের ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগেরবার বৈঠকে তাঁর আহবানে সাড়া দেননি রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে উপাচার্য থেকে এইরকম অপমানজনক ব্যবহার মেনে নিতে পারেননি রাজ্যপাল।
তাই উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে তিনি আবার যে চিঠি পাঠিয়েছেন সেখানে এই অপমানের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি এবার চিঠি দিয়েছেন রাজ্যের উপাচার্য সংগঠনের সভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে।
মাস কয়েক আগে রাজ্যে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা এবং গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এই অভিযোগ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আলোচনার জন্য ডাক পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই রাজভবনমুখী হননি। সেই ঘটনায় তীব্র অপমানিত বোধ করেছিলেন জগদীপ ধনখড়।
https://twitter.com/jdhankhar1/status/1295296714329317376?s=20
তবে এবার বৈঠক ডাকার কারণটা অন্য। পশ্চিমবঙ্গ উপাচার্য সংগঠনের কাজ কর্ম তাঁর এখন একদমই পছন্দ হচ্ছে না। এই সংগঠনের তরফ থেকে বিভিন্নভাবে রাজ্যপালের পদকে খাটো করা হচ্ছে, এরকমটাই অভিযোগ তুলেছেন রাজ্যপাল। টুইটারে তিনি এই সংক্রান্ত টুইট করেছেন যেখানে সুরঞ্জন দাসকে লেখা চিঠিও তিনি পোস্ট করেছেন।
আগামী ১৪ দিনের মধ্যেই এই বৈঠকে সমস্ত উপাচার্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও এই ব্যাপারে যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এখনও কিছু বক্তব্য রাখেননি।





