এবার ফের এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। ইতিমধ্যে তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার নিজেই টুইট করে নিজের করোনা সংক্রমণের কথা জানান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা সংক্রামিত হয়ে পড়ছেন। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা সংক্রামিত হন। এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র সহ আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। এমনকি ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেওয়া অর্জুন সিং মেঘওয়ালকেও তাঁর পাঁপড় বাঁচাতে পারেনি। এছাড়া গত ৮ তারিখ কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকও করোনায় আক্রান্ত হন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
এদিন এক টুইটবার্তায় তিনি জানান, “কিছুটা অসুস্থবোধ করছিলাম। পাশাপাশি আমার কিছু উপস্বর্গও দেখা দিয়েছিল তাই আমি করোনা টেস্ট করিয়েছিলাম। এরপর আমার রিপোর্ট পজিটিভ আসে। তাই চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভরতি হচ্ছি। আমি আবেদন করছি গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা নিজেদের করোনা টেস্ট করান এবং আইসোলেশনে থাকুন।”






