কিছুদিন আগেই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা সহ একাধিক জেলা। এরপর আবার একটা নিম্নচাপ এসে উপস্থিত। ফের উত্তর বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার অবধি দক্ষিণবঙ্গে এমনই পরিস্হিতি বজায় থাকবে। পাশাপাশি বুধবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। ফলে নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল ও বুধবার পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।





