কয়েকদিন আগে ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংসের দল থেকে সরে এসে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। সেই সঙ্গে সিএসকে-এর মালিক এন শ্রীনিবাসনের সঙ্গেও কিছুটা বিতর্ক হয়েছিল। টিম হোটেলে নিজের কর্তৃত্ব প্রকাশের চেষ্টা এবং অহংকারের অভিযোগ এনেছিলেন রায়নার উপর। তবে এই সব বিতর্ক দূরে রেখে রায়না সম্প্রীতিরই বার্তা দিলেন।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে রায়না বলেন, “উনি (শ্রীনিবাসন) আমার কাছে আমার পিতার সমান এবং উনি সবসময় আমার পাশে থেকেছেন। নিজের ছেলের মত উনি আমায় দেখেন এবং পিতা তো তার ছেলেকে শাসন করবেই। আমার যাওয়ার আসল কারণ জানার পর উনি আমাকে বিশেষ বার্তা দিয়েছেন। কোয়ারেন্টিনে থেকেও এখানে প্র্যাক্টিস করছি। হয়ত আমি আবারও শিবিরে যোগ দিতে পারি।”
নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে রায়না বলেন, “পাঠানকোটের ঐ ঘটনা সত্যিই মর্মান্তিক এবং আমার পরিবারকে খুবই অস্বস্তির মধ্যে রেখেছিল। আর এটা আমার কর্তব্য ছিল ফিরে এসে তাদের পাশে এসে দাঁড়ানোর। কিন্তু ফিরে এসেই আমাকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। তাই এখনও আমার পরিবার ও মাসিদের এই কষ্টের মধ্যে পাশে দাঁড়াতে হবে।”






