জিএসটির (GST) ক্ষতিপূরণ না দেওয়ার ফলে রাজ্যগুলি কেন্দ্রের প্রতি বিশ্বাস হারাচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে (PM Narendra Modi) চিঠি লিখে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অভিযোগ এর রেশ কাটতে না কাটতেই আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, “দিদির ভাইয়েরা কাটমানি পেতে পারছে না সেইজন্যেই উল্টোপাল্টা দাবি করছেন মমতা!”
প্রসঙ্গত কিছুদিন আগে জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর জানানো হয় যে, বর্তমানে জিএসটি আদায়ে ২.৩৫ লক্ষ কোটি টাকা ঘাটতি রয়েছে তাই রাজ্যগুলিকে এখনই কেন্দ্র জিএসটি ক্ষতিপূরণ দিতে পারবে না। রাজ্যগুলিকে ঋণ নিয়ে কাজ চালানোর পরামর্শও দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন, “জিএসটি ক্ষতিপূরণ নিয়ে সরকারের যে মনোভাব তাতে আমি ব্যথিত। এরকম চললে রাজ্য সরকারগুলি কেন্দ্রের ওপরে আস্থা হারাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও ক্ষতি হবে।”
দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আজকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে কেন্দ্রের ডাকা কোন বৈঠকে যান না। কোনরকম আমলাকেও পাঠান না। তিনি নিজে শুধু চিঠি লিখতে পারেন প্রধানমন্ত্রীকে।” মুখ্যমন্ত্রীর এই চিঠি লেখার প্রতিক্রিয়ায় স্পষ্টতই বিরক্তি প্রকাশ করলেন দিলীপ ঘোষ যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।






