ইতিমধ্যেই খবরে এসেছে যে, না জানিয়ে তৃণমূল (TMC) নেতা মদন মিত্রের (Madan Mitra) ভিডিও করার জন্য তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই ঘটনা সম্পর্কে জানতে পারেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানান তৃণমূলকে। তাঁর প্রশ্ন, “মদনবাবু কি কোন অবৈধ কাজ করেন নাকি যে তার ভিডিও তুললে গ্রেফতার করা হচ্ছে মানুষকে?” তার আরও বক্তব্য, “মদন মিত্র যদি কিছু অন্যায় কাজ করে থাকেন তাহলে তার ভয় থাকতে পারে। আমার কাছে তো রোজ কত লোক আসে আমি তাদের চিনিও না।”
সেইসঙ্গে তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। “তৃণমূল কংগ্রেস দলীয় নেতাদের বাঁচানোর চেষ্টা করছেন এমনকি এমপিদের সঙ্গে দেখা করতে গেলে ফোন জমা রেখে ঢুকতে হয় কেন? আমরা কি জানি না কেন এই কাজ করা হয়?”
প্রসঙ্গত, শুক্রবার বালিগঞ্জ অটোমোবাইল এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার দপ্তরে মদন মিত্রের একটি সভা চলাকালীন ভিডিও তোলার অভিযোগে আটক করা হয় তিন জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিনা অনুমতিতে মদন মিত্রের ভিডিও করছিলেন। জানা যায় যে এদের মধ্যে একজন প্রেসিডেন্সি ছাত্র এবং দু’জন বিজেপি কর্মী। পরে বালিগঞ্জ থানার পুলিশ এসে এদেরকে গ্রেফতার করে। যদিও বিজেপির সাফ বক্তব্য, এদের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই।






