বিজেপি (BJP) করার অপরাধে লকডাউনের দিনেই খুন করার চেষ্টা করা হলো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর (Bishnupur) থানার রঘুদেবপুর গ্রামের (Raghudevpur village) এক দম্পতিকে। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ রাধারানী নস্কর (Radha Rani Naskar)। জানা গিয়েছে, তিনি বিজেপি–র স্থানীয় বুথ কমিটি সহ সভাপতি এবং মহিলা মোর্চার কোষাধ্যক্ষ। তাঁর স্বামী অরুণ নস্কর (Arun Naskar) বিজেপি–র বুথ কমিটির সভাপতি। অভিযোগ, বিজেপি করেন বলেই এইদিন শাসক আশ্রিত দুষ্কৃতীরা এই দম্পতির ওপর খুনের চেষ্টা চালায়।
সূত্রের খবর, সোমবার সকাল ১১টা নাগাদ অরুণবাবুর খোঁজে তাঁদের বাড়িতে চড়াও হয় একটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দল। তাঁকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রতিবাদ করলে ওই বিজেপি কর্মীর স্ত্রী রাধারানী দেবীকে মারধর করা হয়। এর পরই তিনি ঝাটা ছুঁড়ে মারলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি লাগে মাথার পিছনে বাঁদিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানী। সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালায় সশস্ত্র দুষ্কৃতীরা।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় রাধারানীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে থানার স্পেশ্যাল টিম। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন ডিএসপি জীবনেশ রায় (Jivanesh Ray)।





