সকালেই শুরু হয়েছিল কঙ্গনার বাংলো ভাঙার কাজ, এরপরেই BMC-কে কাজ বন্ধের কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের

অবৈধ নির্মাণ আখ্যা দিয়ে গতকাল গেটে সাঁটানো হলো নোটিশ। আর তারপর আজ সকাল থেকেই শুরু হয়ে যায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)-এর পালি হিলসের মানিকর্নিকা ফিল্মস (Manikarnika Films)-এর অফিস ভাঙার কাজ।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মুম্বই এবং মহারাষ্ট্র সরকারকে নিয়ে কড়া মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর যার জেরেই শিব সেনা (Shiv Sena) প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)  রোষানলে পড়েন কঙ্গনা।

আর তারপর‌ই বৃহন্মুম্বাই পুরসভার (Brihanmumbai Municipal Corporation) নজর গিয়ে পড়ে অভিনেত্রীর পরিকাঠামোগত ত্রুটিযুক্ত ‘অবৈধ’ (Illegal) বাংলো ও অফিসের দিকে। এদিকে বৃহন্মুম্বই পুরসভার এই কর্মকাণ্ড রুখতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তার রেশ ধরেই বুধবার বম্বে হাইকোর্টের তরফে কঙ্গনার বাংলো ভাঙার কাজ বন্ধের জন্য BMC-কে কড়া নির্দেশ দিয়েছে আদালত।

স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া Y+ ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে আজ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন কঙ্গনা। এক‌ই সঙ্গে আজ‌ই নানা বিতর্কের মাঝেই বুধবার সকালে শিব সেনা শাসিত বৃহন্মুম্বই পুরসভা বুলডোজার নিয়ে হাজির হয় অভিনেত্রীর বান্দ্রার বাংলোর সামনে। কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ, তাঁর অফিস ও বাসভবন অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আইনি তথ্য-প্রমাণাদি দেখাতে না পারলে তা ধূলিস্যাৎ করে দেওয়া হবে। হলও তাই! কঙ্গনা মুম্বইয়ে পা রাখার আগেই তাঁর বাংলো ভাঙার কাজ শুরু হয়ে যায়‌। যার জেরে মুম্বই আদালতে দ্বারস্থ হন অভিনেত্রী।

পিটিআই (PTI) সূত্রে খবর, সকাল ১১টার কিছু পরেই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়। যার জেরে পুরসভার কাজে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে তড়িঘড়ি বম্বে হাইকোর্টে (Bombay High Court) নিজের আইনজীবীকে পাঠিয়েছিলেন তিনি। অভিনেত্রীর আর্জির ভিত্তিতে বেশ তৎপরতার সঙ্গেই মামলার শুনানি শুরু হয় বলে জানা গিয়েছে। এদিন মামলার রায়ে BMC-কে কাজ বন্ধের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ৩টের সময় আগামী শুনানি হবে। পাশাপাশি একটি রিপোর্ট ফাইলেরও নির্দেশ দেওয়া হয়েছে বিএমসিকে।

আরও অন্যান্য খবর