বোলারদের প্রদর্শনে রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় নাইট রাইডার্সের

দ্বিতীয় ম্যাচের পর এদিন রাজস্থান রয়্যালসকে হারিয়ে ৩৭ রানে জয় পেল নাইটরা। দুবাইয়ের মাঠে শুরুতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। পর পর ব্যর্থ হওয়া সত্ত্বেও আবারও শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামেন সুনীল নারিন। ২.৫ ওভারে জয়দেব উনাদকটের বলে সুনীল নারিনের ক্যাচ ফেলেন রবিন উত্থাপ্পা। যদিও শেষ মেশ নারিন ১৫ রান করেই আউট হন। অন্য ওপেনার গিল একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করেন, জোফ্রা আর্চারের বলে ৩৪ বলে ৪৭ রান করে আউট হন তিনি।

এদিন রাসেল ঝড়ও তেমন দেখতে পেলেন না কলকাতার সমর্থকরা। ইয়ন মর্গ্যানের ২৩ বলে ৩৪ রানের সৌজন্যে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। লড়াই করার মতো টার্গেট সেট করে দেয় নাইটরা। তবে রাজস্থানের কাছে বাটলার, স্মিথ, স্যামসনের মতো ব্যাটসম্যানরা থাকলেও দুবাইয়ের এই মাঠে রানতাড়া করা সহজ হত না। ঠিক তেমনটাই হল। শুরুতেই প্যাট কামিন্স তাঁর অস্ট্রেলিয় সতীর্থ স্টিভ স্মিথকে আউট করেন। তারপর থেকে একের পর এক উইকেট হারাতেই থাকে রাজস্থান।

ফর্মে থাকা স্যামসনও এদিন শিবম মাভির বলে আউট হন মাত্র ৮ রানে। রাজস্থানের আগের ম্যাচের জয়ের নায়ক রাহুল তেওয়াটিয়া এদিন ব্যর্থ, ১০ বলে ১৪ রান করে ফিরে যান তিনি। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন শিবম মাভি, বরুন চক্রবর্তী ও কমলেশ নাগারকোট্টি। একটি করে উইকেট নেন কামিন্স, নারিন ও কুলদীপ যাদব। সব মিলিয়ে নাইটদের বোলাররা এদিন দারুন প্রর্দশন করেছে, যার জেরেই জয় পেল কলকাতা। এদিন দলের খেলা দেখার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ছিলেন দুবাইয়ের মাঠে। দলের জয়ে খুশিই হবেন কিং খান।

RELATED Articles

Leave a Comment