নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার! মৃত্যু দুই ভারতীয় জ‌ওয়ানের

ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানি সেনার (Pakistani army)। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে (Nowgam sector)। এই পাকিস্তানি হামলায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় জওয়ানের (Indian Army)। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের খবর এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

সেনার তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। ছোড়া হয় মর্টার ও গোলাগুলি। পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা‌ও। কিন্তু পাকিস্তানের এই হামলায় মৃত্যু হয়েছে দুই জওয়ানের।

সূত্রের খবর, সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে মর্টার ছোড়া হয়। আহত জওয়ানদের শরীরে স্প্লিন্টার বিঁধেছে। তাঁদের ইতিমধ্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যু হয়েছে শিখ লাইট ইনফ্র্যান্টির ১৫ নম্বর ইউনিটের এক হাবিলদার এবং জম্মু ও কাশ্মীর রাইফেলসের এক রাইফেলম্যানের। শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ (Cornell Rajesh) বলেন, ‘আহত জওয়ানদের উদ্ধার করা হচ্ছে। আর এক‌ইসঙ্গে পাকিস্তানকে যোগ্য জবাব‌ও দেওয়া হচ্ছে।’

এক শীর্ষ পুলিশ আধিকারিকের কথায়, সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তিনি বলেন, ‘অন্যান্য অস্ত্রের পাশাপাশি এখনও কামান দাগা চলছে।’

আরও অন্যান্য খবর