আবার ঘরে ঘরে উঠবে হাসির রব, শুরু হবে পাগলামি, শুরু হওয়ার পথে মীরাক্কেল ১০

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, টিভিতে সম্প্রচারও শুরু হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু ঠিক কবে থেকে টেলিভিশনের পর্দায় দর্শক আবার হাসির খোরাক ফিরে পাবেন, তা নিশ্চিত করে বলা যায়নি। কিন্তু এবার নিজেই সেই ধন্ধ পরিষ্কার করলেন শো-য়ের সঞ্চালক মীর আফসার আলি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন শুটিং-এর প্রথমদিনের ছবি। জানালেন আগামী ১১ই অক্টোবর রাত আটটায় জি বাংলার পর্দায় আবার দেখা যাবে মীরাক্কেল ১০।

২০০৬ সালে যাত্রা শুর‍ু এই হাসির শো-এর। মজার মজার জোকস ও মীরের অসাধারণ বুদ্ধিদিপ্ততার জেরে খুব অল্পদিনেই দর্শকদের মনে জায়গা করে নেয় মীরাক্কেল। দেখতে দেখতে এই যাত্রা সিজন ১০-এ পৌঁছাল। মীরাক্কেল সিজন ৯ যখন শেষ হয়, তখন বলা হয়েছিল, মীরাক্কেল আর হবে না। কিন্তু দর্শকরা তা বললে শুনবে কেন। বাড়িতে বসে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে কে না চায়? তাই একরকম দর্শকদের কথা মাথায় রেখেই আবার টেলিভিশনের পর্দায় মীরাক্কেলের আগমন।

আগের সিজন পর্যন্ত এই শো-এর বিচারক ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র ও রজতাভ দত্ত। কিন্তু এই বছর এই ব্যবস্থায় খানিকটা বদল ঘটেছে। মীরাক্কেল ১০-এর বিচারক হিসেবে দেখা যাবে অভিনেত্রী পাওলি দাম, সায়ন্তিকা ব্যানার্জি-সহ কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসুকে। তবে বিচারক আসন দেখে খানিকটা হতাশ হয়েছেন অনেকেই। কিন্তু মীরাক্কেলে হাসি ও মজা যে দর্শককে সেই দুঃখ ভুলিয়ে দেবে, তা আশা করাই যায়।

আরও অন্যান্য খবর