কিছুদিন আগে তুরস্ক যাওয়া নিয়ে চরমপন্থীদের প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতা আমির খানকে। এবার আরও একবার মৌলবাদীদের কাঠগড়ায় আমির খানের কন্যা ইরা খান। অপরাধ ট্যাটু আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া।
অভিনেতা আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তের মেয়ে ইরা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ইরা একটি ছবি পোস্ট করেন যাতে দেখা যায় তিনি মন দিয়ে কোনও একটা কাজ করছেন। নিজের ফলোয়ারসদের তিনি অনুমান করতে বলেন, তিনি আসলে কী করছেন? এর কিছুদিনের মধ্যেই ইরা ট্যাটু আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। নুপুর শিখারে নামে এক ব্যক্তির হাতে তিনি ট্যাটু আর্টিস্ট হিসেবে প্রথম ট্যাটুটি করেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি নুপুরকে ধন্যবাদ জানান, তার উপর বিশ্বাস রাখার জন্য ও এই পেশাকে তিনি বিকল্প হিসেবে বাছতে পারেন, এ কথাও জানান আমির কন্যা। কিন্তু এই পোস্টের পরেই নেটদুনিয়ার কিছু মানুষের রোষের মুখে পড়েন তিনি। কেউ কেউ তার পোস্টে কমেন্ট করেন যে, ট্যাটু করার আগে তিনি আল্লাহর অনুমতি নিয়েছেন কী না, কারণ আল্লাহ্ ট্যাটু পছন্দ করেন না। আবার অনেকে বলেন, ইসলামে ট্যাটু করানো হারাম। এক মৌলবাদী লেখেন, এখন কিছু লোকজন নিজের নামের পাশে খান, পাঠান, সঈদ, হাশমি লিখলেও তারা আদপে মুসলিম নন।
এসব কমেন্ট খতিয়ে দেখা যায়, যে বা যারা তার এই ছবিতে কমেন্ট করেছেন, তাদের কিছুজন মহিলা ও তাদের প্রোফাইল পিকচার রীতিমতো মডেলোচিত। এই প্রোফাইলগুলি ভুয়ো কী না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু এই সমালোচনার ভিড়ে কিছু মানুষ আবার ইরার করা ট্যাটুর প্রশংসাও করেছেন। এতো রোষের মধ্যে পড়েও ইরা কিন্তু নিজের শখের থেকে বিরত থাকেন নি।
প্রসঙ্গত, কিছুদিন ধরে বলিউডে স্বজনপোষণ নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। কিন্তু ইরার মতো কিছু তারকা সন্তান আছেন, যারা নিজের কেরিয়ার নিজেরাই গড়তে চান। প্রথম থেকেই ক্যামেরার সামনে আসার পক্ষপাতী নন ইরা। অভিনয়ে তার অনীহার কথা আগেও প্রকাশ করেছেন তিনি। বলিউডের পারফেকশনিস্ট আমির খানের মেয়ের পরিচয়ের বাইরে গিয়ে নিজের অস্তিত্ব খুঁজে নেওয়াতেই বেশী বিশ্বাসী ইরা।






