কংগ্রেস থেকে পদত্যাগ করলেন দক্ষিণী অভিনেত্রী তথা রাজনীতিক খুশবু সুন্দর! জল্পনা আজই তিনি যোগ দিতে পারেন বিজেপি-তে!

কংগ্রেস ছাড়লেন দক্ষিণী অভিনেত্রী তথা রাজনীতিক খুশবু সুন্দর (Khusboo Sundar)! নিজের দল ছাড়ার কারণ হিসেবে তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) লেখা চিঠিতে জানিয়েছেন, দলের উচ্চস্তরে আসীন অথচ তৃণমূল স্তরের সঙ্গে সংযোগহীন কিছু মানুষ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বলেই তিনি কংগ্রেস ছাড়তে বাধ্য হচ্ছেন। কংগ্রেসের তরফে এ দিন জানানো হয়েছে, এআইসিসি মুখপাত্র পদ থেকে অবিলম্বে সরানো হয়েছে খুশবু সুন্দরকে। তবে একইসঙ্গে গুঞ্জন উঠেছে আজ অর্থাৎ সোমবারই গেরুয়া শিবিরে (BJP) যোগ দিতে পারেন তিনি। এই অভিনেত্রীর পুরো রাজনৈতিক জীবন জুড়েই রয়েছে দল বদলের রেকর্ড।

২০১৪ সালে তিনি সনিয়া গান্ধীর সঙ্গে মোলাকাতের পরে কংগ্রেসে যোগ দেন তিনি। এবার সেই সংশ্রবও ত্যাগ করে নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদ্মশিবিরে নাম লেখাতে চলেছেন এই দক্ষিণী তারকা, এমনই জল্পনা।

প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০১০ সালে তামিলনাডুর ক্ষমতায় থাকা ডিএমকে-তে যোগ দেন খুশবু সুন্দর। তার আগেই তিনি তামিলনাডু সরকারের অর্থে তৈরি ছবিতে প্রয়াত যুক্তিবাদী নেতা পেরিয়ারের স্ত্রী মণিআম্মাইয়ের ভূমিকায় অভিনয় করেন।

ডিএমকে-তে যোগ দিয়ে খুশবু জানিয়েছিলেন, ‘মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিলাম। আমি মানুষের সেবা করতে পছন্দ করি। নারীর উন্নয়নের জন্যও কাজ করতে চাই।’ যদিও এর চার বছর পরেই তিনি ডিএম-কে ছাড়েন এবং বলেন, ‘ডিএমকে-র (DMK) জন্য আমার সমস্ত পরিশ্রম একতরফাই থেকে গিয়েছে।’ তবে কি এবার দেশের প্রধানমন্ত্রীর দলে যোগ দিয়ে সঠিক সিধান্ত নিতে চলেছেন খুশবু?

RELATED Articles