সম্প্রতি মা হয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই নিজের ভক্তমহলের সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি। এর সঙ্গে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতাও জানান দেন অভিনেত্রী।
ভক্তদের উদ্দেশে তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগের রাতে তিনি ও তার স্বামী সারারাত জেগে কাটিয়েছিলেন। কারন চিন্তা। পূজার ডেলিভারির সময়ও কুণাল তার পাশে থাকতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তাকে সেই অনুমতি দেওয়া হয় না। অনেক অনুরোধ করার পরেও মেলেনি অনুমতি। একটি পুত্রসন্তানের জন্ম দেন পূজা। কিন্তু এর পরেও বিপদ। ডাক্তার কুণালকে জানান, তাদের সন্তানের শ্বাসজনিত কিছু সমস্যা রয়েছে তাই তাকে আপাতত রিকভারি রুমে রাখা হবে। স্বভাবতই এই খবর শুনে ভেঙে পড়েন পূজা। তিনদিন পর তাদের সন্তানের সুস্থতার খবর দেন ডাক্তার। স্বস্তির নিঃশ্বাস নেন পূজা ও কুণাল।
এরপর সদ্য মা-বাবা তাদের নবজাতকের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেও তার মুখ দেখান নি। তাদের পরিবারের নিয়ম অনুযায়ী নবজাতকের জন্য বাড়িতে পুজো করার পরই সকলকে নিজেরদের সন্তানের মুখ দেখাতে পারবেন কুণাল ও পূজা। তারা তাদের ভক্তমহলকে ধন্যবাদ জানিয়েছেন সবসময় তাদের পাশে থাকার জন্য।
গত বছর দুর্গাপুজোর আগে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে জড়ান পূজা ও কুণাল। বিজয়া দশমীর দিন সিঁদুরখেলা উৎসবে যোগদান করে এই খবর সর্বসমক্ষে জানান অভিনেত্রী। গত ১৫ই আগস্ট পূজা ও কুণাল নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই এই খবর প্রকাশ্যে আসে যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। এরপর নিজের বেবি বাম্পের অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন পূজা। নিজের সাধের ছবি থেকে শুরু করে প্রেগন্যান্সির ফটোশুটের ছবি, সবই নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। নেটিজেনরা ও ইন্ডাস্ট্রির একাংশ সকলেই পূজা, কুণাল ও তাদের নবজাতককে শুভকামনা জানিয়েছে।
প্রসঙ্গত, স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘জগজননী মা বৈষ্ণো দেবী’-তে অভিনয় করছিলেন পূজা। কিন্তু লকডাউনের সময় ওই ধারাবাহিক থেকে সরে আসেন তিনি। তখন কোনও কারণ জানিয়ে মুখ না খুললেও পরবর্তীকালে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে নেটিজেনরা তার ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার আসল কারণ জানতে পারেন।





